
সাঘাটা প্রতিনিধি ►
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে গাইবান্ধার সাঘাটায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও গণনাটক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার ভরতখালী বন্দর উচ্চ বালিকা বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। দুর্যোগের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতির গুরুত্ব তুলে ধরা এবং পরিবার থেকে শুরু করে সমাজের সর্বস্তরে দুর্যোগ মোকাবিলার সক্ষমতা গড়ে তোলাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গণনাটক ও সংগীত পরিবেশনার মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা, প্রস্তুতি ও সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়। এসিটি-২-এর আয়োজনে এবং অক্সফ্যাম ইন বাংলাদেশের সহায়তায় অনুষ্ঠিত কর্মসূচিতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মেহেদী হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা পবন কুমার সরকার, ভরতখালী বন্দর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান।
অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন এসকেএস ফাউন্ডেশনের এসিটি প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মো. রেজওয়ানুল ইসলাম। এ সময় স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা গণনাটক ও সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানের শেষ পর্বে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।