- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
রৌমারীতে সেতু আছে, নেই সংযোগ সড়ক
অনলাইন ডেস্ক ►
কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের কাশিয়াবাড়ি গ্রাম সংলগ্ন খালের ওপর প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতুতে ওঠার সংযোগ সড়ক না থাকায় স্থানীয়দের কোনো কাজে আসছে না। বৃষ্টিতে সেতুর দুই পাশ কাদায় পরিণত হওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারীরা।
সরেজমিনে দেখা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ৯৬ মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণ করে। লটারির মাধ্যমে কাজ পায় জামালপুরের এমইএম এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. সামসুদ্দিন দিলিপ। প্রকল্পটির ব্যয় ধরা হয় প্রায় ১১ কোটি টাকা।স্থানীয়দের অভিযোগ, সেতুর মূল নির্মাণকাজ শেষ হলেও সংযোগ সড়কে প্রয়োজনীয় মাটি ভরাট করা হয়নি। একই সঙ্গে সেতুর দুই প্রান্তে রিটার্নিং ওয়াল নির্মাণ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শেষ দেখিয়ে চলে যায়। এতে বৃষ্টিতে সংযোগ সড়ক ভেঙে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দা মো. এমদাদ হোসেন বলেন, ‘সেতুর কাজ শেষ হলেও সড়কের কাজ বাকি রয়েছে। বৃষ্টির পানিতে সড়ক ভেঙে যাওয়ায় কোনো যানবাহন চলতে পারছে না। পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। দ্রুত মাটি ভরাটের কাজ শেষ করলে সমস্যার সমাধান হবে। আরেক বাসিন্দা রাশিদুল ইসলাম বলেন, ‘প্রায় ১১ কোটি টাকা খরচ করে সেতু নির্মাণ করা হয়েছে।
কিন্তু আমরা যদি সেটি ব্যবহারই করতে না পারি, তাহলে এত টাকা খরচ করে লাভ কী? গত সপ্তাহে এক বৃদ্ধ গর্তে পড়ে পা ও কোমরে গুরুতর আঘাত পেয়েছেন। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। রৌমারী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, ‘জমির মালিকদের সঙ্গে জটিলতার কারণে সেতুর দুই পাশে রিটার্নিং ওয়ালের কাজ করা সম্ভব হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, ‘সমস্যার বিষয়টি জেনেছি। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে।’