• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৭-৮-২০২৬, সময়ঃ রাত ০৭:১৬

মাছ ধরতে গিয়ে নিখোঁজ একদিন পর সৌদি প্রবাসীর লাশ উদ্ধার



সাদুল্লাপুর প্রতিনিধি ►
সাদুল্লাপুর উপজেলায় নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ইউনুস আলী (৪৫) নামে এক সৌদি প্রবাসী লাশ একদিন পর উদ্ধার হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার ইদিলপুর ইউনিয়নের রূপনাথপুর গ্রামের মরাঘাটি এলাকায় নলেয়া নদী থেকে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশটি উদ্ধার করেন।

নিতহ ইউনুস আলী উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের তরফজাহান গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি সৌদি আরব থেকে প্রায় ১৫ বছর পর সম্প্রতি দেশে ফিরেন। ফায়ার সার্ভিস ও স্বজনরা জানান, গত বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ইউনুস আলী শখের বসে ঝাকি জাল নিয়ে নলেয়া নদীতে মাছ ধরতে যান। রাত গভীর হলেও ইউনুস আলী বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

কিন্তু কোন সন্ধান না পেয়ে রাত ১০টার দিকে বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানান। শুক্রবার সকালে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। এক পর্যায়ে স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিনসহ কয়েকজন ব্যক্তি এই উদ্ধার কার্যক্রম দেখতে আসার পথে ওই (রূপনাথপুর গ্রামের মরাঘাটি) এলাকায় ইউনুস আলীর লাশ ভাসতে দেখতে পান।

সাদুল্লাপুর উপজেলা ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আব্দুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গাইবান্ধা জেলাতে ফায়ার সার্ভিসের কোন ডুবুরি দল নাই। এ কারণে রংপুর থেকে ডুবুরি দল নিয়ে এসে এই উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।