- মাধুকর প্রতিনিধি
- ১৫ ঘন্টা আগে
বর্ণিল আয়োজনে গাইবান্ধায় বর্ষবরণ
নিজস্ব প্রতিবেদক ►
ধর্ম-বর্ণের বিভেদ ভুলে সারাদেশের মতো গাইবান্ধাতেও বর্ণাঢ্য আয়োজনে বাঙালির সর্বজনীন উৎসব পয়লা বৈশাখ উদ্যাপন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ ১৪৩৩ বরণে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনাসহ নানা আয়োজনের মাধ্যমে গাইবান্ধাবাসী মেতে ওঠে উৎসবে।
এদিন সকাল ৯টার দিকে গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গন থেকে জেলা প্রশাসনের উদ্যোগে গ্রামীণ ঐতিহ্যকে তুলে ধরে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা-২ আসনের সাংসদ মো: আব্দুর করিম, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।এসময় অন্যান্যের মধ্যে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এতে অংশ নেয় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, রোভার স্কাউট, পেশাজীবী, সংগঠনসহ বিভিন্ন শ্রেণিপেশার নানা বয়সী মানুষ। শোভাযাত্রায় ঘোড়ার গাড়ি, মুখোশ, পাপেট, মাছ, পাখিসহ নানা বিশালাকৃতির শিল্পকর্ম ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু। অংশগ্রহণকারীরা লাল-হলুদ-সবুজ রঙের পোশাকে সেজে, মাথায় ফুলের মালা আর হাতে পতাকা নিয়ে মাতেন উৎসবে।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে স্বাধীনতা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মধ্য দিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়। পরে জেলার সাংস্কৃতিক শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এদিকে বর্ষবরণ উপলক্ষে স্বাধীনতা প্রাঙ্গনে বৈশাখি মেলার আয়োজন করা হয়েছে।
- মাধুকর প্রতিনিধি
- ১৫ ঘন্টা আগে
এসকেএস ফাউন্ডেশন নানা বর্ণাঢ্য ও ঐতিহ্যবাহী আয়োজনের মাধ্যমে বাংলা নববর্ষ বরণ
নিজস্ব প্রতিবেদক ►
১৪৩৩ বঙ্গাব্দ-এর পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গাইবান্ধায় এসকেএস ফাউন্ডেশন নানা বর্ণাঢ্য ও ঐতিহ্যবাহী আয়োজনের মাধ্যমে বাংলা নববর্ষ বরণ করে নিয়েছে। পহেলা বৈশাখ বাঙালি চেতনার কেন্দ্রবিন্দু, ঐতিহ্য আর সংস্কৃতির মেলবন্ধন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল বাঙালি এ দিনটিকে পালন করে আসছে যুগ যুগ ধরে। এটি আমাদের নিজস্বতা, বাঙালিয়ানার এক গর্বিত বহিঃপ্রকাশ।
আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে গ্রামীণ ঐতিহ্যকে তুলে ধরে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অংশ নেন এসকেএস ফাউন্ডেশন, এসকেএস স্কুল এ্যান্ড কলেজ। ঐতিহ্যবাহী শোভাযাত্রায় রঙিন পোশাক পরিহিত হয়ে বর্ষবরণকে কেন্দ্র করে গান, নাচ ও উৎসবমুখর পরিবেশ তৈরি করে।

জাতীয় পর্যায়ের একটি উন্নয়ন সংস্থা হিসাবে এসকেএস ফাউন্ডেশন বাঙালি জাতির এই ঐতিহ্য ও সাংস্কৃতিক চেতনা ধারন করে নববর্ষ উদযাপন করছে নানা আয়োজনে। এসকেএস ফাউন্ডেশন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও জনসাধারণের সাথে একযোগে অংশ নিচ্ছে বর্ণাঢ্য বৈশাখি শোভাযাত্রায়। পাশাপাশি, বাংলা নববর্ষ পালনে নানান শ্রেণি-পেশার মানুষের অভিব্যক্তি ও অভিজ্ঞতা নিয়ে এসকেএস দৈনিক পত্রিকায় প্রকাশ করেছে বিশেষ ক্রোড়পত্র। ১৪৩৩ বঙ্গাব্দ সবার জন্য বয়ে আনুক অনাবিল আনন্দ। উৎসবের অংশ হিসেবে এসকেএস ইন্-এ বৈশাখি মেলার আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন ঐতিহ্যবাহী সামগ্রী প্রদর্শিত হয়।