• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৯-৩-২০২৬, সময়ঃ সকাল ০৯:৩০

পেট্রোল ও অকটেন সংকট, বিপাকে যানবাহন মালিকগণ



সুন্দরগঞ্জ প্রতিনিধি ► 

‘সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্ত্রী বলছেন, তেলের কোনো সংকট নেই, যদি কেউ পর্যাপ্ত পরিমাণে তেল না দেয় তাহলে আমাকে ফোন দিবেন’। গাইবান্ধার সুন্দরগঞ্জ পাম্প মালিকগণ বলছেন, তেল না থাকার কারণে সবসময় পাম্প খোলা রাখা সম্ভাব হচ্ছে না। যানবাহন মালিকগণ বলছেন, ১০০ টাকার বেশি পেট্রোল দিচ্ছেন না। উপজেলা শহরে অবস্থিত তিনটি পাম্পের মধ্যে গত মঙ্গলবার সারাদিন দুইটি পাম্প বন্ধ থাকায় বিপাকে মোটরসাইকেল চালকসহ যানবাহন মালিকগণ। 

অপরদিকে স্থানীয় প্রশাসন পাম্প মালিকদের বলেছেন, তাদের জন্য তেল মজুত রেখে বিক্রি করবেন। সবমিলে প্রশাসনের নজরদারির অভাবে সুন্দরগঞ্জের পেট্রোল পাম্পগুলো চলছে নিজের ইচ্ছামতো। এসব কারণে পবিত্র মাহে রমজান মাসে চরম হয়রানির শিকার হচ্ছেন যানবাহন মালিকগণ। 
করিম এন্ড সন্স পাম্পের মালিক মো. এনামুল হক বলেন, ডিপোতে এখন এখন আগের মতো তেল দিচ্ছে না। সে কারণে পাম্প চালু রাখার জন্য মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনে অল্প পরিমাণ তেল দেওয়া হচ্ছে। 

স্থানীয় প্রশাসনের পক্ষ হতে ডিপো হতে তেল নেয়ার ব্যাপারে কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না। অনেক মোটরসাইকেল চালক বার বার এসে তেল নিয়ে গিয়ে খোলা বাজারে বিক্রি করছেন। পাম্প মালিক মো. খয়বর হোসেন মওলা বলেন, ডিপোতে ৩ হাজার লিটারের বেশি তেল দিচ্ছে না। সে কারণে সবসময় পাম্প খোলা রাখা সম্ভব হচ্ছে না। তেল না থাকায় বন্ধ রয়েছে। সন্ধ্যার মধ্যে তেল আসলে আবার চালু হবে। এছাড়া প্রশাসনের জন্য তেল মজুত রাখতে হয়।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার ঈফফাত জাহান তুলি বলেন, কেন সীমিত তেল দেওয়া হচ্ছে, সেটি তার জানা নাই। তেল সংকটের ব্যাপারে পাম্প মালিকগণের পক্ষে কোনো আবেদন তিনি পাননি। তিনি জরুরি ভিত্তিতে পাম্প মালিকগণের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।