• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

হয়তো আর জীবিত ফিরতে পারব না, জরুরি চিকিৎসা চাইলেন ইমরান খান

অনলাইন ডেস্ক ►

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান নিজের শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়ে জরুরি চিকিৎসার আবেদন করেছেন। দীর্ঘদিন ধরে কারাবন্দি থাকার কারণে তার স্বাস্থ্যের মারাত্মক অবনতি হচ্ছে বলে দাবি করেছেন তিনি। একই সঙ্গে কারাগারে বন্দি স্ত্রী বুশরা বিবির শারীরিক অবস্থা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, আইনজীবী সালমান সাফদারের প্রকাশ করা একটি চিঠিতে নিজের শারীরিক পরিস্থিতি তুলে ধরেছেন ইমরান খান। সেখানে তিনি লিখেছেন, ‘৭৪ বছর বয়সে এভাবে টানা কারাবন্দি জীবন আমাকে এমন অবস্থায় নিয়ে যাচ্ছে, যেখান থেকে হয়তো আর জীবিত ফিরতে পারব না।’ যদিও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কর্তৃপক্ষের দাবি, নিয়মিত চিকিৎসকদের মাধ্যমে তার শারীরিক পরীক্ষা করানো হচ্ছে এবং বর্তমানে তার অবস্থা সন্তোষজনক।

ইমরান খানের বিরুদ্ধে ১০০টির বেশি মামলা রয়েছে। ২০২৩ সালের আগস্ট থেকে তিনি কারাগারে বন্দি। পরবর্তী সময়ে তার স্ত্রী বুশরা বিবিকেও কারাগারে পাঠানো হয়। দুর্নীতি ও রাষ্ট্রীয় উপহার বিক্রিসহ বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে এসব মামলা হয়েছে। তবে ইমরান খানের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই তার বিরুদ্ধে মামলাগুলো করা হয়েছে।

গত এক বছরে ইমরানের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ ক্রমেই বেড়েছে। তার পরিবারের অভিযোগ, কারা কর্তৃপক্ষ যথাসময়ে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা না করায় ডান চোখের বেশির ভাগ দৃষ্টিশক্তি হারিয়েছেন তিনি। নিজের চিঠিতেও গুরুতর শারীরিক জটিলতার কথা উল্লেখ করেছেন ইমরান। তার ভাষ্য, চিকিৎসকেরা জানিয়েছেন, মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদ্‌যন্ত্র বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি তার ক্ষেত্রে অনেক বেশি। এমনকি তার হৃদ্‌যন্ত্র ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

শুধু নিজের স্বাস্থ্য নয়, স্ত্রী বুশরা বিবির শারীরিক অবস্থাও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন ইমরান। তার অভিযোগ, গত এপ্রিলে বুশরা বিবির চোখের রেটিনা সরে যায়। এরপর গোপনে তার অস্ত্রোপচার করা হয়। পুনরায় অস্ত্রোপচার না করা হলে বুশরা দৃষ্টিশক্তি হারাতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

কারাবন্দি অবস্থায় আইনি লড়াই চালিয়ে গেলেও ন্যায়বিচার পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। চিঠিতে তিনি বলেন, ‘আমি কখনো আইনি লড়াই থেকে সরে আসিনি। কিন্তু বিচারব্যবস্থা আমাকে ন্যায়বিচার দেওয়া বন্ধ করে দিয়েছে।’

কারাগারে নিজের বন্দিজীবনের পরিবেশ নিয়েও একাধিক অভিযোগ তুলেছেন তিনি। ইমরানের দাবি, প্রতিদিন প্রায় ২২ ঘণ্টা তাকে একা একটি কক্ষে থাকতে হয়। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া হয় না। এমনকি বই পড়া কিংবা টেলিভিশন দেখার সুযোগ থেকেও তাকে বঞ্চিত করা হচ্ছে। দীর্ঘদিন এভাবে বিচ্ছিন্ন অবস্থায় থাকায় তার মানসিক স্বাস্থ্যের ওপর ব্যাপক চাপ তৈরি হয়েছে বলে জানিয়েছেন তিনি। গত এক বছরে আইনজীবীদের সঙ্গে মাত্র চারবার সাক্ষাতের সুযোগ পেয়েছেন বলেও দাবি করেছেন সাবেক এই প্রধানমন্ত্রী। চিঠিতে তিনি লিখেছেন, ‘আমি বেঁচে থাকলেই কেবল নিজের নির্দোষিতা প্রমাণ করতে পারব।’

তবে ইমরানের এসব অভিযোগ নাকচ করেছেন পাকিস্তানের সংসদবিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী। তার বক্তব্য, কারাগারে ইমরান খানকে খাবারসহ প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। এমনকি তার পছন্দ অনুযায়ী খাবারের ব্যবস্থাও রয়েছে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, ‘বর্তমানে পাকিস্তানের কারাগারে সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা পাওয়া বন্দি হলেন তিনি।’

এদিকে পাকিস্তানের কর্তৃপক্ষ জানিয়েছে, এক সপ্তাহ আগে চোখে ইনজেকশন দেওয়ার জন্য ইমরান খানকে সরকারি হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানান।

একসময় পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন ইমরান খান। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ২০২৩ সালের মে মাসে তাকে গ্রেপ্তারের পর দেশজুড়ে বিক্ষোভে নামেন তার সমর্থকেরা। একপর্যায়ে এসব বিক্ষোভ সহিংস রূপ নেয়। লাহোরে সেনাবাহিনীর একজন শীর্ষ কর্মকর্তার বাড়িতে হামলা ও ভাঙচুর চালান বিক্ষোভকারীরা। বাড়িটির ঝাড়বাতি ভাঙচুরের পাশাপাশি আসবাবপত্র, ছবি এমনকি একটি ময়ূরও নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। ওই সহিংসতায় অন্তত আটজন নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে সেনাবাহিনী মোতায়েন করা হয়।

কারাগারে থাকলেও পাকিস্তানের রাজনীতিতে ইমরান খানের প্রভাব এখনো উল্লেখযোগ্য। গত অক্টোবরের শুরুতে তার মুক্তির দাবিতে কয়েক দিন ধরে পদযাত্রা করেন হাজার হাজার সমর্থক। পরিস্থিতি মোকাবিলায় পরে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেয় পাকিস্তানের কর্তৃপক্ষ। ইমরানের রাজনৈতিক দল পিটিআইয়ের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জারি করা হয় জরুরি অবস্থা।

এ ছাড়া গত কয়েক মাসে আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের সাবেক কয়েকজন অধিনায়কও ইমরান খানের চিকিৎসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে একাধিকবার আবেদন জানিয়ে ইমরানকে যথাযথ চিকিৎসা দেওয়ার আহ্বান জানিয়েছেন।