অনলাইন ডেস্ক ►
সৌদি আরবে হুথিদের নতুন করে হামলা এবং উপসাগরে ইরানি হামলায় জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। এর সঙ্গে সৌদি আরবের গুরুত্বপূর্ণ একটি তেল পাইপলাইন বন্ধ থাকায় সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছে।
আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৯০ ডলার বা ২ দশমিক ৭৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৫১ ডলারে দাঁড়ায়। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২ দশমিক ২৭ ডলার বা ২ দশমিক ২৭ শতাংশ বেড়ে ১০২ দশমিক ৩২ ডলারে ওঠে। বাজার খোলার সময় দাম একপর্যায়ে ৩ শতাংশেরও বেশি বেড়েছিল। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
রোববার সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম দেশটির দক্ষিণাঞ্চলীয় জাজান প্রদেশে হুথিদের হামলায় কয়েকটি বাড়ি ও একটি মসজিদ ক্ষতিগ্রস্ত হওয়ার ভিডিও প্রকাশ করে। হুথিরা জানিয়েছে, পাশের একটি প্রদেশে সৌদি সামরিক ঘাঁটিতেও তারা হামলা চালিয়েছে।
এদিকে হরমুজ প্রণালিতে একটি জাহাজে ক্ষেপণাস্ত্র বা অন্য কোনো নিক্ষিপ্ত বস্তু আঘাত হানলে আগুন ধরে যায়। পরে জাহাজটির নাবিকদের সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও। ইরান জানিয়েছে, দেশটির উপকূলের কাছে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় একজন নিহত এবং চারজন ক্রু আহত হয়েছেন।
বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবের তেল সরবরাহ নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। শুক্রবার ইরাক থেকে আসা একটি ড্রোন হামলার পর সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন বন্ধ হয়ে যায়। হরমুজ প্রণালি এড়িয়ে সৌদি তেল রপ্তানির বিকল্প পথ হিসেবে ব্যবহৃত এই পাইপলাইন বন্ধ থাকায় বৈশ্বিক তেল সরবরাহের প্রায় ৪ শতাংশ ঝুঁকিতে পড়তে পারে।
এর পাশাপাশি ইরান-সমর্থিত হুথিরা শুক্রবার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পেরিম দ্বীপে পৌঁছেছে। এর ফলে বিশ্বের গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ বাব আল-মান্দেব প্রণালিতে তাদের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে বৈশ্বিক তেল সরবরাহের প্রায় ৪ থেকে ৫ শতাংশ এই পথ দিয়ে পরিবহন হয়েছে।
সরবরাহ নিয়ে উদ্বেগের কারণে গত এক সপ্তাহে তেলের দাম প্রায় ৮ শতাংশ বেড়েছে। এর মধ্য দিয়ে জুলাইয়ের পর প্রথমবারের মতো অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠেছে।
বাজার বিশ্লেষক টনি সাইকামোর বলেন, ওমানে চলমান আলোচনা থেকে কার্যকর কোনো সমাধান না এলে কিংবা ইস্ট-ওয়েস্ট পাইপলাইন দ্রুত চালু না হলে তেলের দাম আরও বাড়তে পারে। সে ক্ষেত্রে মার্চের শুরুতে দেখা ১১৯ দশমিক ৪৮ ডলারের উচ্চতাকেও ছাড়িয়ে যেতে পারে অপরিশোধিত তেলের দাম।
তবে হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইরানের নির্ধারিত বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি রোববার জানান, সোমবার ওমানে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা বৈঠকটি স্থগিত করা হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধ ছয় মাসে গড়ালেও এখনো কোনো স্থায়ী শান্তি আলোচনা হয়নি। জুনে একটি অন্তর্বর্তী চুক্তি হলেও কয়েক সপ্তাহের মধ্যে তা ভেস্তে যাওয়ার পর নতুন করে কোনো শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়নি।