• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

স্বর্ণ খনি খনন নিষেধাজ্ঞা ঘিরে গিনিতে সংঘর্ষ, নিহত ১০

অনলাইন ডেস্ক ►

গিনির উত্তর-পূর্বাঞ্চলে স্বর্ণ খনন নিষেধাজ্ঞা কার্যকরে নিয়োজিত নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। দেশটির সরকারের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

দেশটির আঞ্চলিক প্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার গভীর রাতে জানায়, বুধবার প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী কারিগরি স্বর্ণ খনন নিষেধাজ্ঞা বাস্তবায়ন যাচাই করার সময় সংঘর্ষ হয়। সিগিরি অঞ্চলের বালাতোয় অবৈধ ও অনিয়ন্ত্রিত স্বর্ণ খননবিরোধী টহলের সময় সহিংসতা শুরু হয়। বিবৃতিতে বলা হয়, বিক্ষোভকারীরা ব্যারিকেড দিয়ে টহল আটকে দিলে পরিস্থিতি সংঘর্ষ ও গোলাগুলিতে গড়ায়। কে প্রথম গুলি চালিয়েছে, তা বিবৃতিতে বলা হয়নি।

নিহতদের মধ্যে পাঁচজন বিদেশি নাগরিক রয়েছেন, যাদের পরিচয় এখনও নিশ্চিত হয়নি। আহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য উভয়ই আছেন। 

মন্ত্রণালয় জানায়, দুটি পিকআপ ট্রাক ও নিরাপত্তা বাহিনীর একটি ট্রাকে আগুন দেওয়া হয়েছে। বিক্ষোভকারীরা একটি আগ্নেয়াস্ত্র ও একটি মোটরসাইকেল নিয়ে গেছে। সহিংসতার কারণ ও দায় নির্ধারণের দায়িত্ব বিচার বিভাগকে দেওয়া হয়েছে।

গিনি ২ নভেম্বর সিগিরিতে কারিগরি স্বর্ণ খনন নিষিদ্ধ করে। কর্তৃপক্ষ বলেছে, খনি শ্রমিকদের বিধি না মানায় কৃষিজমি, নদী ও গাছপালার আচ্ছাদন দূষণসহ পরিবেশের ক্ষতি হয়েছে। প্রতিবেশী মালি গত সপ্তাহে জানায়, নিষেধাজ্ঞা ঘোষণার পর গিনি ছাড়তে বাধ্য হয়ে প্রায় ১ লাখ মানুষ রাজধানী বামাকোয় এবং প্রায় ৬০ হাজার মানুষ সীমান্তশহর কুরেমালেতে পৌঁছেছেন। বুরকিনা ফাসো শুক্রবার জানায়, নিষেধাজ্ঞার কারণে গিনি ছাড়তে বাধ্য হওয়া তাদের ৪৫ হাজার ৪০৬ নাগরিককে দেশে ফিরিয়ে এনেছে।

ধাতুর ক্রমবর্ধমান চাহিদা ও দাম বাড়ার কারণে কারিগরি খনন পশ্চিম আফ্রিকার বড় অংশে প্রচলিত কাজ। জাতিসংঘ পরিবেশ কর্মসূচির তথ্য অনুযায়ী, গিনিতে কারিগরি ও ক্ষুদ্র পরিসরে স্বর্ণ খনন ৩ লাখের বেশি মানুষের জীবিকা জোগায়। তবে সরকার বলছে, ভারী যন্ত্রে কৃষিজমির ধ্বংস ও রাসায়নিকে নদী দূষণসহ খননজনিত পরিবেশগত ক্ষতি ঠেকাতেই এই বিধিনিষেধ।

এ মাসের শুরুতে সিগিরি অঞ্চলে অবৈধ স্বর্ণ খননের সন্দেহে ১ হাজার ২০০-র বেশি মানুষকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ। এ সপ্তাহে প্রথম গণবিচার শুরু হয়েছে। সূত্র: আলজাজিরা