রিফাতুন্নবী রিফাত ►
গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের সোনাইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে গড়ে ওঠা মুরগির খামারের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে শিক্ষার্থী ও শিক্ষকরা। এ নিয়ে গত ৪ নভেম্বর সংবাদ প্রকাশের পর বিষয়টি তদন্তের নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। তবে নির্দেশের ২৫ দিন পেরিয়ে গেলেও তদন্তকাজ শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। গতকাল রোববার দুপুরে তদন্তের বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক জানান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিদিন সকালে শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। জাতীয় সংগীত, সকালের সমাবেশ ও শ্রেণিকক্ষে পাঠদানের মধ্য দিয়ে শুরু হয় শিক্ষা কার্যক্রম। কিন্তু পাশের মুরগির খামার থেকে ছড়িয়ে পড়া দুর্গন্ধে স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে। শ্রেণিকক্ষে বসে পাঠ নেওয়ার সময়ও মনোযোগ ধরে রাখতে পারছে না শিক্ষার্থীরা।
শিক্ষার্থী ও শিক্ষকদের অভিযোগ, দুর্গন্ধের কারণে দীর্ঘ সময় শ্রেণিকক্ষে অবস্থান করা কঠিন হয়ে পড়েছে। অনেক শিক্ষার্থী মাথাব্যথা, শ্বাসকষ্ট, জ্বর ও পেটের সমস্যাসহ বিভিন্ন শারীরিক অসুস্থতার কথা জানিয়েছে। এতে পড়াশোনার পাশাপাশি শিশুদের স্বাস্থ্য নিয়েও উদ্বিগ্ন হয়ে পড়েছেন শিক্ষক ও অভিভাবকরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. শামীম আরা বলেন, ‘খামারের দুর্গন্ধের কারণে শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে। শুধু শিক্ষার্থীরাই নয়, প্রতিদিন বিদ্যালয়ে দায়িত্ব পালন করতে গিয়ে শিক্ষকরাও ভোগান্তিতে পড়ছেন।’ সমস্যা সমাধানে গত ২০ আগস্ট গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন। আবেদনে বিদ্যালয়ের পাশে থাকা মুরগির খামারটি অন্যত্র সরিয়ে নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক বলেন, ‘উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি তদন্ত প্রতিবেদন দাখিল করলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’