• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

সৈয়দপুর হাসপাতালে ভোগান্তি ৩ মাস ধরে বন্ধ এক্স-রে

শাহজাহান আলী মনন, নীলফামারী ►
নীলফামারীর সৈয়দপুরের ১০০ শয্যা হাসপাতালের একমাত্র এক্স-রে মেশিনটা তিন মাস ধরে নষ্ট হয়ে পড়ে আছে। ফলে সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে সৈয়দপুরসহ আশেপাশের ৬ উপজেলাবাসী। এতে চরম ভোগান্তির শিকার প্রায় ১০ লাখ মানুষের চিকিৎসা সেবার ভরসার স্থান এই হাসপাতালে আসা রোগীরা।

জানা যায়, সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে সৈয়দপুর উপজেলার ৫টি ইউনিয়নসহ দিনাজপুরের পার্বতীপুর, চিরিরবন্দর ও খানসামা উপজেলা, রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলা এবং নীলফামারীর কিশোরগঞ্জ ও সদর উপজেলার অধিকাংশ ইউনিয়নের মানুষ চিকিৎসা সেবা নেয়। এই বিশাল জনগোষ্ঠী এক্স-রে এর মতো অত্যন্ত প্রয়োজনীয় সেবা পাচ্ছেনা দীর্ঘ ৩ মাস থেকে। কারণ গুরুত্বপূর্ণ এই হাসপাতালের জরুরি বিভাগের একমাত্র এক্স-রে মেশিনটা নষ্ট হয়ে গেছে। এতে এক্স-রে করাতে রোগীদের হাসপাতালের বাইরে ১ কিলোমিটার দূরে কোন ডায়াগনস্টিক সেন্টারে যেতে হচ্ছে। ফলে অতিরিক্ত অর্থ ব্যয়সহ দূর্ভোগ পোহাতে হচ্ছে।

গতকাল সোমবার সকালে হাসপাতালে গেলে দেখা যায়, অধিকাংশ রোগী এক্স-রে করানোর জন্য কষ্ট করে শহরের দিকে ছুটছে। ভোগান্তির শিকার দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়ন থেকে আসা রোগী আউয়াল বলেন, বাথরুমে পড়ে গিয়ে পায়ে আঘাত পেয়েছি। হাসপাতালে এসেছি কিন্তু পায়ের হাড় ভেঙেছে কি না তা নিশ্চিত হতে ডাক্তার এক্স-রে করাতে বলেছেন। কিন্তু এখানকার এক্স-রে মেশিন নষ্ট। তাই কষ্ট করে বাইরে গিয়ে এক্স-রে করাতে হবে। এটা চরম ভোগান্তি।

এ ব্যাপারে হাসপাতালের পরিচালক ডা. মো. আসিফ ফেরদৌস বলেন, এক্স-রে মেশিন পুরোপুরি নষ্ট নয়। মূলত: ভোল্টেজ স্টেবিলাইজার না থাকায় বিদ্যুতের ভোল্টেজ উঠানামা করার কারণে সমস্যা হচ্ছে। আর মেশিনের টিউবেও সমস্যা আছে। একারণে ২-৩ মাস ধরে একটু অসুবিধা হচ্ছে। তবে উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তারা এসে দেখে গেছে। সে অনুযায়ী নতুন মেশিন সরবরাহের অপেক্ষায় আছে। দ্রুতই এর সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।