• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক ►
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। গতকাল রোববার দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে অংশ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাড. ইউনুস আলী রবি ও সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাইদুর রহমান রয়েল।

এছাড়াও জেলা যুবদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন। বিক্ষোভ মিছিল থেকে পতিত শক্তির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়া হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্রো সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, গোপালগঞ্জসহ সারাদেশে শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে এবং সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়াতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ পরিকল্পিতভাবে নানা অপতৎপরতা ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। বক্তারা, অবিলম্বে সন্ত্রাসী ও নৈরাজ্যকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। এছাড়া যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণকে সর্বদা সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।