অনলাইন ডেস্ক ►
শ্যামাপূজা আজ রোববার। হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম এ ধর্মীয় উৎসবটি কালীপূজা নামেও পরিচিত। একই সঙ্গে আজ উদযাপিত হবে শুভ দীপাবলি উৎসব। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে শ্যামাপূজা ও দীপাবলি অনুষ্ঠিত হয়। দুষ্টের দমন ও শিষ্টের লালনের মাধ্যমে ভক্তের জীবনে কল্যাণের অঙ্গীকার নিয়ে পৃথিবীতে আগমন ঘটে দেবী শ্যামা বা কালীর। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শ্যামা দেবী শান্তি, সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সংগ্রামের প্রতীক।
দেশের হিন্দু সম্প্রদায় আজ উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য়ের মধ্য দিয়ে শ্যামাপূজা উদযাপন করবে। রাতে মণ্ডপে মণ্ডপে শ্যামা দেবীর পূজা আয়োজিত হবে। প্রসাদ বিতরণ, আরতি, ধর্মীয় সংগীত, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকসজ্জা প্রভৃতি কর্মসূচিও রয়েছে। একই সঙ্গে সন্ধ্যায় মন্দির, মণ্ডপ ও হিন্দুদের ঘরে ঘরে দীপাবলি উদযাপনের জন্য প্রদীপ প্রজ্বালন করা হবে।
রাজধানীতে কেন্দ্রীয় শ্যামাপূজা উদযাপিত হবে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে। মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে সন্ধ্যা ৬টায় সহস্র প্রদীপ প্রজ্বালন ও শ্যামাসংগীতের মাধ্যমে শুভ দীপাবলি উৎসবের উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, ঢাকার অধ্যক্ষ ও সম্পাদক স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ। রাতে অনুষ্ঠিত হবে শ্যামাপূজা। গোপীবাগের রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন মন্দিরে রাত সাড়ে ৯টায় শ্যামাপূজা, অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ ছাড়াও দীপাবলি উৎসব অনুষ্ঠিত হবে।