• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি

অনলাইন ডেস্ক ►
আসন্ন দুর্গাপূজায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি থাকবে। তবে ভিন্ন ভিন্ন স্তরে ছুটির পার্থক্য রয়েছে।

এবার পূজার ছুটির সঙ্গে যুক্ত হয়েছে সাপ্তাহিক ছুটিও। যাতে লম্বা হয়েছে ছুটি। সব মিলিয়ে দুর্গাপূজায় ৫ দিন থেকে শুরু করে ১৪ দিনও ছুটি পাবে কোনো কোনো প্রতিষ্ঠান।
ছুটির তালিকাগুলো যাচাই করে দেখা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের একাডেমিক ক্যালেন্ডার ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পৃথক বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান ভেদে ছুটির মেয়াদে ভিন্নতা রয়েছে।

মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়

শিক্ষা মন্ত্রণালয়ের বর্ষপঞ্জি অনুযায়ী সরকারি ছুটি ১৮ (রবিবার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত ৫ দিন। এর আগে ও পরে সাপ্তাহিক (শুক্র ও শনিবার) ছুটি রয়েছে। দুর্গাপূজায় ৯ দিন ছুটি থাকছে স্কুল। এদিকে এই ছুটির সঙ্গে যুক্ত হবে ২৫ অক্টোবর (রবিবার) লক্ষ্মীপূজার ছুটি।

তাই মোট ১০ দিনের ছুটি (১৬ থেকে ২৫ অক্টোবর) পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
কলেজ ও উচ্চমাধ্যমিক স্তর

মাউশির কলেজ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিনের ছুটি নির্ধারিত রয়েছে। তবে আগে-পরের দুটি সাপ্তাহিক (শুক্র ও শনিবার) ছুটি হিসাব করলে কলেজগুলোতে ছুটির ব্যাপ্তি দাঁড়াবে ১৪ দিন।

মাদরাসায় পূজার ছুটি কম

মাদরাসায় পূজার ছুটি মাত্র তিন দিন। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের তালিকা অনুযায়ী, ইবতেদায়ি ও এমপিওভুক্ত মাদরাসায় আগামী ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত মোট ৩ দিন ছুটি থাকবে।

তবে এর পরের দুই দিন সাপ্তাহিক ছুটি। তাই ৫ দিনের ছুটি পাচ্ছেন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ায় নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ছুটির সময়সূচি নির্ধারণ করবে।

সরকারি ছুটি বেড়ে ৫ দিন হচ্ছে

আসন্ন দুর্গাপূজায় সাপ্তাহিক ছুটিসহ টানা ৫ দিনের ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আগে দুর্গাপূজায় সরকারি ছুটি ছিল একদিন। অন্তর্বর্তী সরকারের সময়ে সনাতন ধর্মাবলম্বীদের দাবির পরিপ্রেক্ষিতে তা আরেক দিন বাড়ানো হয়েছিল। এবার আরো একদিন বাড়ানো হয়েছে। ফলে পূজা উপলক্ষে সরকারি ছুটি দাঁড়িয়েছে তিন দিন। এর সঙ্গে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় কার্যত টানা পাঁচ দিন ছুটি থাকবে।’

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ২০ অক্টোবর মহানবমী ও ২১ অক্টোবর বিজয়া দশমীর ছুটির সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি যোগ হয়েছে। পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন সরকারি অফিস বন্ধ থাকবে।