রাবি সংবাদদাতা ►
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জুলাই-৩৬ হলের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার প্রদান সোমবার সন্ধ্যায় হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ। উপ-উপাচার্যবৃন্দ হলের কৃতী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার প্রদান করেন।
অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) তাঁর বক্তব্যে জুলাই-৩৬ হলের কৃতী শিক্ষার্থী ও অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি প্রতিভা বিকাশের জন্য অন্যান্য কর্মকাণ্ডকে উৎসাহিত করতে হল প্রশাসনের প্রতি আহ্বান জানান। কৃতী শিক্ষার্থীদের পুরস্কৃত করে হল কর্তৃপক্ষ অন্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করলো উল্লেখ করে তিনি মেধাবী শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য প্রত্যাশা করেন। উপ-উপাচার্য (শিক্ষা) তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সামাজিক ও মানসিক বিকাশের জন্য সংস্কৃতি ও ক্রীড়াচর্চার প্রতি আরও গুরুত্ব দিতে আহ্বান জানান।
সংবর্ধিত মেধাবী শিক্ষার্থীরা আগামীতেও তাদের মেধার স্বাক্ষর রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রসঙ্গক্রমে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নারীদের, বিশেষ করে নারী শিক্ষার্থীদের যে অবদান আছে তার স্বীকৃতিতে এই হলের নামকরণ জুলাই-৩৬ হল করা হয়েছে। নারী শিক্ষার্থীরা শিক্ষা ও গবেষণাসহ সমাজের সকল ক্ষেত্রে যাতে এগিয়ে যেতে পারে তার প্রতি গুরুত্ব দিতে তিনি আহ্বান জানান।
তিনি আরও বলেন, এখন নারী শিক্ষার্থীদের সুবিধার জন্য সরকার অনেক পদক্ষেপ গ্রহণ করেছে। তারা এসবের সুযোগ গ্রহণ করে ক্রমে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান, বিভিন্ন হল প্রাধ্যক্ষসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। হলের প্রাধ্যক্ষ প্রফেসর লাভলী নাহার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।