নওগাঁ প্রতিনিধি ►
“উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় নওগাঁর রাণীনগরে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন করা হয়েছে।
কর্মসূচির শুরুতেই শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালী শেষে পরে সভাকক্ষে দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ, সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারী, নারী নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণির উদ্যোক্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন। উৎপাদনশীলতাকে জাতীয় আন্দোলন হিসেবে গড়ে তুলতে প্রতিবছর ২অক্টোবর জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন করা হয়। ২০১২ সাল থেকে এই দিবস পালিত হয়ে আসছে।
সভায় উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্যের ভালো মন্দ দিক তুলে ধরেন। এছাড়া প্রত্যন্ত অঞ্চলের উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যগুলো ন্যায্য মূল্যে বাজারজাতকরণ এবং স্বল্প সুদে ঋণ প্রাপ্তির বিষয়টি নিশ্চিতকরণে সরকারের হস্তক্ষেপ কামনা করেন সভায় অংশগ্রহণকারীরা। দেশের ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তাদের উন্নয়ন করতে পারলে দেশের উৎপাদনশীলতা আরো সমৃদ্ধশালী হবে বলে মনে করেন বক্তারা।