রংপুর প্রতিনিধি ►
রংপুর নগরীর প্রেসক্লাব বিপনি বিতান মার্কেটের সামনে পড়ে থাকা রশি দিয়ে মোড়ানো একটি ককটেল সাদৃশ বস্তু উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল রোববার বেলা ১১টার দিকে এসআরবি-১৩ এর বোমা নিষ্ক্রিয়কারী দল এ ককটেল সাদৃশ্য বিষ্ফোরক উদ্ধার করে। এর আগে, সকাল সাতটার দিকে চলন্ত মোটরসাইকেল থেকে প্রেসক্লাব মার্কেটের প্রধান ফটকের দিকে ককটেল সদৃশ বস্তুটি দুবৃত্তরা ছুড়ে চলে যায় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শী হকাররা। এরপর থেকে পুরো প্রেসক্লাব এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে রংপুর মেট্রোপলিটন পুলিশ এবং এসআরবি-১৩ এর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে রেসকিউ করে রাখেন। এ সময় সেখানে উৎসুক মানুষের ভিড় দেখা যায়।
দুর্ঘটনা এড়াতে ককটেল সাদৃশ্য বস্তুটি বালতির পানিতে রাখা হয়। তবে উদ্ধার হওয়া এটি ককটেল বা হাতবোমা হতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। সাধারণ মানুষ বলছেন, জনমনে আতঙ্ক সৃষ্টি করতে এটি প্রেসক্লাব এলাকায় ছুড়েছে দুবৃত্তরা। এদিকে, বেলা ১১ টার দিকে এসআরবি-১৩ এর বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে এসে বালতিতে রাখা বস্তুটি নিষ্ক্রিয় করতে উদ্ধার করে নিয়ে যায়।
এ বিষয়ে এসআরবি-১৩-এর এএসপি মনিরুজ্জামান বলেন, উদ্ধার করা বস্তুটির ভেতরে কী রয়েছে, তা বোমা নিষ্ক্রিয়কারী দলের পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। আমরা বস্তুটি নিরাপদে নিষ্ক্রিয় করার চেষ্টা করব। এটি কী ধরনের বস্তু এবং বিস্ফোরিত হলে কী ধরনের ক্ষয়ক্ষতি হতে পারত-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এখন পর্যন্ত বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করিনি। তদন্ত ও পরীক্ষা-নিরীক্ষার পরই এটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এর আগে আমরা কোনো মন্তব্য করতে চাচ্ছি না। পরবর্তীতে আপনাদের বিস্তারিত জানানো হবে এবং প্রতিবেদন দেওয়া হবে।
ঘটনাস্থল পরিদর্শন করে আরপিএমপির উপকমিশনার সনাতন চক্রবর্তী জানান, একটি মোটরসাইকেলে আসা দুজন ব্যক্তি রংপুর প্রেসক্লাব মার্কেটের সামনে একটি বস্তু রেখে চলে যায়। এরপর আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বস্তুটি নিরাপত্তার আওতায় নিয়ে আসি। এসআরবি-১৩ এর একটি নিয়মিত টহল দলও ঘটনাস্থলে আসে।
তিনি আরও বলেন, এখনো মোটরসাইকেলে আসা ব্যক্তিদের শনাক্ত করা যায়নি। তবে এলাকাটি সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে। ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। আমাদের তদন্ত শুরু হয়েছে।