• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

যেভাবে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে যেতে পারে বাংলাদেশ

অনলাইন ডেস্ক ►
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হেরে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। ওই হারে ফাইনালে ওঠার পথ কঠিন হয়ে পড়লেও আফগানিস্তানের কাছে জিম্বাবুয়ের বড় ব্যবধানে পরাজয়ে নতুন সমীকরণ তৈরি হয়েছে বাংলাদেশের সামনে।

গতকাল আবুধাবিতে আফগানিস্তানের কাছে ১৫৮ রানে হেরেছে জিম্বাবুয়ে। এই ফলের কারণে ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের সামনে সুযোগ তৈরি হয়েছে। তবে শুধু জিতলেই হবে না, রান রেটের হিসাবও মেলাতে হবে।

একটি করে ম্যাচ জিতেছে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। এক ম্যাচ খেলে একটি জয়ে আফগানিস্তানের রান রেট ৩.১৬০। অন্যদিকে, দুই ম্যাচে একটি জয় ও একটি পরাজয়ে জিম্বাবুয়ের রান রেট -১.৯৮০। এই সমীকরণে আফগানিস্তানের বিপক্ষে জয়ের পাশাপাশি রান রেটে জিম্বাবুয়েকে পেছনে ফেলতে হবে বাংলাদেশকে। যে সমীকরণে ফাইনালে উঠতে পারে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে আগে ব্যাটিং করলে বাংলাদেশকে জিততে হবে অন্তত ৪১ রানে। আর পরে ব্যাটিং করলে লক্ষ্য অনুযায়ী নির্দিষ্ট ওভারের মধ্যে জয় নিশ্চিত করতে হবে। এই হিসাব অনুযায়ী, নির্ধারিত ব্যবধান বা সময়ের মধ্যে জিততে পারলেই রান রেটে জিম্বাবুয়েকে পেছনে ফেলে ফাইনালে উঠতে পারবে বাংলাদেশ।

তবে সমীকরণ মেলাতে ব্যর্থ হলে আফগানিস্তানের বিপক্ষে জয় পেলেও ফাইনালে ওঠা হবে না বাংলাদেশের। সে ক্ষেত্রে টুর্নামেন্ট থেকে বাদ পড়বে বাংলাদেশ এবং ফাইনালে যাবে জিম্বাবুয়ে।

এদিকে, ফাইনালে ওঠা নিশ্চিত না হলেও রান রেটে এগিয়ে থাকায় সুবিধাজনক অবস্থানে রয়েছে আফগানিস্তান। বাংলাদেশের বিপক্ষে হারলেও ফাইনালে ওঠার সুযোগ থাকবে তাদের। তবে বড় ব্যবধানে হারলে হিসাব বদলে যেতে পারে।