ভবতোষ রায় মনা ►
গাইবান্ধার বিভিন্ন এলাকায় রেললাইনে প্রতিনিয়তই ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে যানবাহনসহ হাজারো মানুষ। জেলার অর্ধশতাধিক রেলক্রসিংয়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। কোথাও নেই গেটম্যান, কোথাও নেই প্রতিবন্ধক বা ব্যারিয়ার। আবার কোনো কোনো স্থানে সতর্কতামূলক সাইনবোর্ড থাকলেও তা কার্যকর ভূমিকা রাখতে পারছে না। ফলে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার হতে হচ্ছে পথচারী, শিক্ষার্থী, চালক ও স্থানীয় বাসিন্দাদের।
খোঁজ নিয়ে জানা যায়, সান্তাহার-লালমনিরহাট রেলপথের গাইবান্ধা অংশে (গোবিন্দগঞ্জের শালমারা হল্ট থেকে সুন্দরগঞ্জের হাসানগঞ্জ রেল স্টেশন পর্যন্ত প্রায় ৭০-৮০ কিলোমিটার এলাকায়) থাকা ৫৪টি রেলগেটের মধ্যে ৩৪টিই অরক্ষিত ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এসব এলাকার রেলক্রসিং দিয়ে প্রতিদিন ছোট-বড় যানবাহন ও সাধারণ মানুষ চলাচল করলেও সব জায়গায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়নি। শুধু গেট বা গেটম্যানের অভাবই নয়, রেলক্রসিংয়ে পর্যাপ্ত সতর্কসংকেত, সিগন্যাল ব্যবস্থা, সড়কের দৃশ্যমানতা এবং যানবাহন নিয়ন্ত্রণের ব্যবস্থাও গুরুত্বপূর্ণ। বিশেষ করে রাতে ও কুয়াশার সময় ঝুঁকি আরও বেড়ে যায়। অনেক ক্ষেত্রে চালকরা ট্রেনের শব্দ বা আলো দেখে অনুমান করে রেললাইন পারাপারের চেষ্টা করেন। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।
সাম্প্রতিক সময়েও গত ১ নভেম্বর গাইবান্ধা পৌর শহরের ২ নম্বর রেলগেট এলাকায় পদ্মরাগ ট্রেনের নিচে কাটা পড়ে আবু বক্কর সিদ্দিক (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। এর আগে গত ৫ জুলাই সদর উপজেলার কুপতলা ইউনিয়নের ৭৫ নম্বর রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় এক রিকশাচালক নিহত হন। এসব ঘটনা রেলপথের নিরাপত্তা ও জনসচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তাকে আবারও সামনে এনেছে। এদিকে, সারা দেশের রেলক্রসিংয়ের নিরাপত্তা পরিস্থিতিও উদ্বেগজনক। ২০২৬ সালের মে মাসে প্রকাশিত এক প্রতিবেদনে বাংলাদেশ রেলওয়ের তথ্যের বরাত দিয়ে জানানো হয়, দেশে প্রায় ৪ হাজার ১৬০টি রেলক্রসিং রয়েছে। এর মধ্যে প্রায় ১ হাজার ৩০০টি অরক্ষিত এবং ৮৫৪টি অবৈধ ক্রসিং রয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, দুর্ঘটনা ঘটার পর সাময়িক তৎপরতা দেখা গেলেও দীর্ঘমেয়াদি নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে না। তাঁদের দাবি, ঝুঁকিপূর্ণ প্রতিটি রেলক্রসিং চিহ্নিত করে সেখানে দ্রুত গেট, ব্যারিয়ার, সতর্কসংকেত ও প্রশিক্ষিত গেটম্যান নিয়োগ করতে হবে। পাশাপাশি অনুমোদনহীন ক্রসিংগুলোও যথাযথভাবে নিয়ন্ত্রণে আনতে হবে।
৭৫নং রেলগেট এলাকার বাসিন্দা বিদ্যুৎ চন্দ্র বলেন, এ রেলগেটে ট্রেন আসা-যাওয়ার সময় দুই পাশেই ব্যারিয়ার ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। ফলে এখানে কোনো দুর্ঘটনা ঘটছে না। তবে বেশকিছু রেলগেটে এধরণের ব্যবস্থা না থাকায় দুর্ঘটনা ঘটনার আশংকা রয়েছে। সদর উপজেলার টাইগার মোড় এলাকার কৃষক আজগর আলী বলেন, অরক্ষিত এসব ক্রসিংয়ের কারণে এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। স্কুল-কলেজের শিক্ষার্থীসহ আমরা চরম আতঙ্কে চলাচল করছি। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই এখানে দ্রুত গেটম্যান ও গেট বার বসানোর জোর দাবি জানাচ্ছি।
বিশেষজ্ঞদের মতে, রেলক্রসিংয়ে দুর্ঘটনা প্রতিরোধে শুধু জনসচেতনতা যথেষ্ট নয়; প্রয়োজন কার্যকর অবকাঠামো ও নিয়মিত তদারকি। রেলওয়ে কর্তৃপক্ষ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), পৌরসভা ও সংশ্লিষ্ট প্রশাসনের সমন্বিত উদ্যোগ ছাড়া এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।
এসব বিষয়ে গাইবান্ধা রেলওয়ে স্টেশন মাস্টার সোমিত সরকার বলেন, এগুলো রেলওয়ের নিজস্ব পরিকল্পনা অনুযায়ী তৈরি হয়নি; স্থানীয় জনগণ নিজেদের সুবিধার্থে এসব রাস্তা তৈরি করেছে। এভাবে রেললাইনের ওপর অনিয়ন্ত্রিত রাস্তা তৈরি করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবে বিষয়টি নিয়ে রেল কর্তৃপক্ষ বিকল্প চিন্তাভাবনা করছে।