• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

মাচায় ঝুলছে লাউ, হাসি ফুটেছে কৃষকের মুখে

সুলতান মাহমুদ, দিনাজপুর
দিনাজপুরের বীরগঞ্জে আগাম শীতকালীন সবজি চাষে সাফল্য পাচ্ছেন কৃষকেরা। উপজেলার প্রাণনগর গ্রামের কৃষক মহির উদ্দিনের দুই একর ৬০ শতাংশ জমির লাউখেত এখন দৃষ্টিনন্দন। মাচাজুড়ে ঝুলছে সারি সারি লাউ। প্রতিদিন অথবা এক দিন পরপর ৪০০ থেকে ৬০০টি লাউ বিক্রি করছেন তিনি। জমি থেকেই প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ১৮ থেকে ২০ টাকা দরে। 


কৃষক মহির উদ্দিনের বয়স ৬০ বছর। দীর্ঘদিন ধরে কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে তিনি পুরোপুরি সবজি চাষের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। গত আগস্টের প্রথম দিকে দুই একর ৬০ শতাংশ জমিতে লাউ চাষ শুরু করেন তিনি। প্রতি একর জমিতে তাঁর খরচ হয়েছে প্রায় ৮০ থেকে ৯০ হাজার টাকা। 


মহির উদ্দিন জানান, গত প্রায় ১৫ দিন ধরে তাঁর লাউখেত থেকে নিয়মিত লাউ বিক্রি হচ্ছে। প্রতি দুই দিন পরপর ৫০০ থেকে ৬০০টি পর্যন্ত লাউ বিক্রি করছেন তিনি। ঢাকা ও দেশের বিভিন্ন এলাকার সবজি ব্যবসায়ীরা সরাসরি তাঁর জমিতে এসে লাউ কিনে নিয়ে যাচ্ছেন। এতে পরিবহন ও বাজারজাতকরণের ঝামেলাও কমেছে। 


বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, উপজেলার কয়েকটি ইউনিয়নে ব্যাপকভাবে সবজি উৎপাদন হচ্ছে। এসব সবজি দিনাজপুরসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়। বিশেষ করে ট্রাকযোগে সরাসরি ঢাকায় সবজি পাঠানো হচ্ছে। এতে কৃষকেরা ন্যায্যমূল্য পাওয়ার পাশাপাশি অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন।