নিজস্ব প্রতিবেদক ►
মহিলা পরিষদের সাংগঠনিক মাসের অংশ হিসেবে ঘরে ঘরে নারীর অধিকার ও সমতার আন্দোলনকে বিকশিত করার লক্ষ্যে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চন্দিয়ায় রোববার বিকেলে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। সাংগঠনিক মাসের শ্লোগান ছিল ‘বাংলাদেশ মহিলা পরিষদকে সংহত করি, নারী আন্দোলন অগ্রসর করি’। কর্মীসভায় বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি মাহফুজা খানম মিতা, সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, সাংগঠনিক সম্পাদক কেয়া ইয়াসমিন, পরিবেশ ও জলবায়ু সম্পাদক বীথি বেগম প্রমুখ।
বক্তারা বলেন, শুধু সংগঠনের সদস্য হওয়া নয়, সংগঠনের ঘোষণাপত্র ও গঠনতন্ত্রের আদর্শকে ধারণ করে তা বাস্তব জীবনে প্রয়োগ করাই একজন সংগঠকের দায়িত্ব। নারীসমাজের অধিকার, মর্যাদা ও সমতা প্রতিষ্ঠার আন্দোলনকে শক্তিশালী করতে প্রত্যেক সংগঠককে নিজ নিজ পরিবার, কর্মক্ষেত্র ও সমাজে সচেতনতা তৈরির ভূমিকা পালন করতে হবে।
তারা বলেন, নারীর অধিকার ও সমতার আন্দোলনকে কেবল সভা-সমাবেশের মধ্যে সীমাবদ্ধ না রেখে ঘরে ঘরে, পাড়া-মহল্লায় এবং তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে। একই সঙ্গে নারীর প্রতি বৈষম্য, সহিংসতা ও অধিকারবঞ্চনার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মহিলা পরিষদের ঘোষণাপত্র ও গঠনতন্ত্রের আলোকে সংগঠনকে আরও সংহত, সক্রিয় ও শক্তিশালী করার এবং নারী অধিকার ও সমতার আন্দোলনকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।