• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

মহাসড়কে দুর্ঘটনা কমাতে ঝুঁকিপূর্ণ বাঁকে মেটালিক আয়না

অনলাইন ডেস্ক ►

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন ঝুঁকিপূর্ণ বাঁকে ১০টি মেটালিক আয়না বসিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। এতে বাঁকের বিপরীত দিক থেকে আসা যানবাহন আয়নায় দেখতে পারবেন চালকেরা। ফলে দুর্ঘটনার ঝুঁকি কমবে বলে আশা করা হচ্ছে।  

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক দিয়ে প্রতিদিন যাত্রীবাহী বাস, ট্রাক, নসিমন-করিমন, রিকশা-ভ্যান, অটোসহ কয়েক হাজার যানবাহন চলাচল করে। মহাসড়কের বিভিন্ন বাঁকে দৃষ্টিসীমা সীমিত থাকায় বিপরীত দিক থেকে আসা যানবাহন অনেক সময় চালকদের চোখে পড়ে একেবারে শেষ মুহূর্তে। এতে হঠাৎ ব্রেক করা, ঝুঁকিপূর্ণভাবে ওভারটেকিং এবং মুখোমুখি সংঘর্ষের ঝুঁকি বেড়ে যায়। ঘটে ছোট-বড় দুর্ঘটনা। 

এমন পরিস্থিতিতে দুর্ঘটনার ঝুঁকি কমাতে মহাসড়কের কয়েকটি ঝুঁকিপূর্ণ বাঁকের বিপরীত পাশে বিশেষ মেটালিক আয়না বসানো হয়েছে। বাঁকের কাছে পৌঁছালে এসব আয়নায় প্রতিফলিত বিপরীত দিক থেকে আসা যানবাহন দেখতে পারবেন চালকেরা। ফলে বাঁকে প্রবেশের আগেই প্রয়োজনীয় সতর্কতা নেওয়ার সুযোগ তৈরি হবে।  

ট্রাকচালক জাহিদ হোসেন বলেন, ‘সড়কের বিভিন্ন বাঁকে যে আয়না বসানো হয়েছে, এটা খুবই ভালো উদ্যোগ। বাঁক পার হওয়ার সময় সামনে কী আছে, তা দেখা যায় না। এ কারণে দুর্ঘটনা ঘটে। এখন বাঁকের কাছে গেলে আয়নায় দেখা যায় সামনে কোনো গাড়ি আছে কি না। এতে আমাদের অনেক উপকার হবে।’  

ট্রাকচালক শাহীন হোসেন বলেন, ‘আয়না বসানোয় দুর্ঘটনা কমবে। পেছন থেকে কোনো গাড়ি ওভারটেক করলে লুকিং গ্লাসে আমরা দেখতে পাই। কিন্তু বাঁকে গেলে সামনে থেকে কী আসছে, তা দেখা যায় না। এখন এই আয়নায় খেয়াল করলে আগেই বোঝা যায় সামনে কোনো গাড়ি আছে কি না। এটা চালকদের জন্য খুবই উপকারী।’  

বাসচালক সোহেল মোল্লা বলেন, ‘গোল আয়না বসানোর আগে বাঁকের কাছে গেলে সামনে থেকে কোনো গাড়ি আসছে কি না, সেটা দেখা যেত না। এখন বাঁকের কাছে গিয়ে আয়নায় খেয়াল করলে দেখা যায়। আয়না লাগানোয় আমাদের উপকারই হবে।’  

মোটরসাইকেলচালক ইমরান হোসেন বলেন, বাঁকে বিপরীত দিক থেকে আসা যানবাহন আগে থেকে দেখতে না পাওয়ায় প্রায়ই ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। মেটালিক  আয়না বসানোর ফলে এ সমস্যা কিছুটা কমবে। এটি নিঃসন্দেহে ভালো একটি উদ্যোগ।  

রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কুমারেশ বিশ্বাস জানান, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন বাঁকে ১০টি মেটালিক আয়না বসানো হয়েছে। এ উদ্যোগের সুফল পাওয়া গেলে দুর্ঘটনাপ্রবণ অন্যান্য বাঁকেও একই ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে।