অনলাইন ডেস্ক ►
ভারতের মণিপুর রাজ্যে বিষাক্ত মদপানের ফলে সৃষ্ট এক মর্মান্তিক ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় ১৮০ জনেরও বেশি মানুষ গুরুতর অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্থানীয়ভাবে তৈরি অবৈধ মদের সাথে মিথানল মিশ্রিত থাকার কারণেই এই বিষক্রিয়া ছড়িয়ে পড়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি স্থানীয় প্রশাসন।
গত ১৮ থেকে ২০ নভেম্বরের মধ্যে মণিপুরের চান্দেল জেলায় এই মৃত্যুর ঘটনাগুলো ঘটে। পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাওয়ায় গত ৪৮ ঘণ্টায় ভুক্তভোগীদের চাকপি কারং ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। মৃত ও আক্রান্তদের অধিকাংশই চাকপি কারং এলাকার বাসিন্দা। জানা গেছে, ভুক্তভোগীরা যে মদ পান করেছিলেন, তা কাকচিং জেলার সুগনু এলাকা থেকে আনা হয়েছিল। পুলিশ জানিয়েছে, মদটি চান্দেল জেলায় উৎপাদিত নয়, বরং অন্য এলাকা থেকে সরবরাহ করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
চান্দেলের উপকমিশনার জনস্বাস্থ্য বিবেচনায় একটি জরুরি সতর্কতা জারি করেছেন। যেহেতু মৃত্যুর প্রকৃত কারণ এখনো বৈজ্ঞানিকভাবে যাচাইাধীন, তাই প্রশাসন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থানীয়ভাবে তৈরি মদ এবং সন্দেহজনক উৎস থেকে আসা যেকোনো ধরনের পানীয় বর্জন করার আহ্বান জানিয়েছে। এছাড়া, বমি, তীব্র পেটব্যথা, মাথাব্যথা, ঝাপসা দৃষ্টি বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে বলা হয়েছে।
মণিপুরের মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং বৃহস্পতিবার ইম্ফলের শিজা হাসপাতাল ও বাবিনা হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে তিনি অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার খোঁজখবর নেন এবং দায়িত্বরত চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। রাজ্য সরকারের পক্ষ থেকে সকল আক্রান্ত ব্যক্তিকে সর্বাত্মক চিকিৎসা সহায়তার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।