• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

বিভিন্ন স্থানে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক ►
‘শিক্ষক মোরা শিক্ষক, ধরনীর মোরা দীক্ষক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধা সরকারি কলেজে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে শুভেচ্ছা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কলেজের শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রশিদ। 
গাইবান্ধা সরকারি কলেজ শিক্ষক সমিতির সম্পাদক ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রশিদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ইংরেজি বিভাগের প্রফেসর আ.ফ.ম. শহীদুর রহমান, উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রফেসর উপাংশু বিশ্বাস, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক এ.বি.এম. জিল্লুর রহমান এবং ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. আব্দুস সোবহান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. নাঈমুল হাসান। 
পিআইডি, রংপুর
রংপুরে বিশ্ব শিক্ষক দিবস উদ্যাপিত হয়েছে। গতকাল সোমবার সকালের রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দিবসটি উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইসরাত জাহান। রংপুর জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস এই অনুষ্ঠান আয়োজন করে। 
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ঐতিহ্যবাহী রংপুর জেলায় প্রায় হাজারের কাছাকাছি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব সরকারি-বেসরকারি ও ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকসহ শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকেরই শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ বির্নিমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দায়িত্বশীলতার জায়গা আমাদের সবারই রয়েছে। 
শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, অনেক মা-বাবাই সন্তানের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব শিক্ষকের হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত থাকেন। তাই শিক্ষকদের এই আস্থা ও প্রত্যাশার মর্যাদা রক্ষা করতে হবে। শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের মূল্যবোধ, নৈতিকতা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণে উৎসাহিত করতে হবে। শিক্ষার্থীর যে বিষয়ে প্রতিভা রয়েছে, সে বিষয়ে তাকে দক্ষ করে গড়ে তুলতেও গুরুত্ব দিতে হবে। সভায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন বেগম রোকেয়া বিশ্ব বিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ফুলছড়ি প্রতিনিধি জানান
গাইবান্ধার ফুলছড়িতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষকতার মর্যাদা, শিক্ষকদের অবদান এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষকদের ভূমিকা তুলে ধরে দিবসটি পালন করা হয়। গতকাল সোমবার উপজেলা প্রশাসন, উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। র‌্যালিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষা বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা অংশ নেন।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। সভায় বক্তব্য দেন ফুলছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম আকন্দ, বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুমুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচএম সোলায়মান শহীদ, উপজেলা সরকারি প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি নুরুল হুদা শিপুল, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও শিক্ষক মাওলানা আবুল খায়ের এবং বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মাওলানা আশরাফুজ্জামান। 

সুন্দরগঞ্জ প্রতিনিধি জানান
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ব্যাপক আয়োজনের মধ্যে দিয়ে শিক্ষক দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার শিক্ষক দিবস নিয়ে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী অফিসার ইফফাত জাহান তুলির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ, উপজেলা বিএনপির আহবায়ক মো. বাবুল আহমেদ, সদস্য সচিব মো. মাহমুদুল ইসলাম প্রামানিক, উপজেলা জামায়াতের আমীর মো. শহিদুল ইসলাম, পৌর জামায়াতের আমীর মুহাম্মদ একরামুল হক, সেক্রেটারি মো. মাহফুজার রহমান, ডি ডাব্লিউ সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক কৃষ্ণ রানী সরকার, দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. শাহাজাহান মন্ডল, বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান আকন্দ, ভাটিকাপাসিয়া সেসিপ স্কুলের প্রধান শিক্ষক এম মাহফুজার রহমান, খামার পাঁচগাছি দাখিল মাদ্রাসার সুপার মো. রফিকুল ইসলাম, সোনারহাট দাখিল মাদ্রাসার সহারি সুপার মো. রেজাউল ইসলাম, ফলগাছা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. জাহিদুল ইসলাম, পাঁচগাছি শান্তিরাম মডেল সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক মো. জিয়াউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বেলাল হোসেন। সভায় শিক্ষকদের বেতন বৈষম্য, সহকারি প্রধানের অভিন্ন বেতন স্কেল, কমিটি গঠনে হয়রানি, সুরক্ষা নিশ্চিত করণ, অবসর কল্যান ভাতা প্রাপ্তির ভোগান্তি দরকরণ, অধিকার আদায়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এর আগে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।