• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২০-৯-২০২৬, সময়ঃ সন্ধ্যা ০৬:০৬

বগুড়ায় নূর বেকারিতে মোবাইল কোর্ট, ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধি ►
বগুড়ার ঠনঠনিয়া শাহপাড়ায় ‘নূর বেকারি’তে অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত জেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালাল।

জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সুত্রে জানা যায়, অভিযানকালে বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, গুণগত মান যাচাইয়ের সনদবিহীন রাসায়নিক ফ্লেভার ব্যবহার এবং বাথরুমের দরজার পাশে ময়দার ডো তৈরি ও সংরক্ষণ করতে দেখা যায়। এছাড়া খাদ্যকর্মীদের যথাযথ স্বাস্থ্যবিধি না মানা, অপরিষ্কার কাঠের টেবিলে খাদ্য তৈরি এবং প্রস্তুত পাউরুটি ময়লা মেঝেতে রাখার বিষয়টিও ধরা পড়ে। এসব অনিয়মের দায় স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় বেকারিটির মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এছাড়া এসব অনিয়মের বিষয়ে বেকারি মালিকের কাছে ব্যাখ্যা তলব করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয়।

অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মো. মেহেদী হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানের সময় জেলা পুলিশের একটি দল নিরাপত্তার দায়িত্ব পালন করে। অভিযান শেষে বেকারি কর্তৃপক্ষকে সরকারি আইন ও বিধিবিধান মেনে নিরাপদ খাদ্য উৎপাদনের নির্দেশনা দেওয়া হয়।