বগুড়া প্রতিনিধি ►
বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে চিপস উৎপাদন এবং নষ্ট ও মেয়াদোত্তীর্ণ চিপস সংরক্ষণের অভিযোগে ‘আফিফ চিপস’ নামের একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (৪ অক্টোবর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বগুড়া সদর উপজেলার নিশিন্দারা উত্তরপাড়ায় কারখানাটিতে অভিযান চালানো হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়ার সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। বিকেল সাড়ে ৫টায় বিষয়টি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, কারখানাটিতে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে চিপস উৎপাদন করা হচ্ছিল। এ ছাড়া নষ্ট ও মেয়াদোত্তীর্ণ চিপস বিক্রির জন্য সংরক্ষণ, চিপস তৈরিতে ইন্ডাস্ট্রিয়াল লবণ ও অতিরিক্ত অ্যামোনিয়াম বাই-কার্বোনেট ব্যবহার এবং গুণগত মান যাচাই ছাড়া নিম্নমানের রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। কারখানার খাদ্যকর্মীদের যথাযথ স্বাস্থ্যবিধি না মানার বিষয়টিও অভিযানে উঠে আসে। এসব অনিয়মের দায় স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে প্রায় তিন মণ ইন্ডাস্ট্রিয়াল লবণ ধ্বংস করা হয়। একই সঙ্গে ২৩ কেজি নিম্নমানের রং জব্দ করে এ বিষয়ে উপযুক্ত প্রমাণক দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানে বগুড়া সদর দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মো. সাখাওয়াত হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অভিযানের সার্বিক নিরাপত্তায় র্যাব-১২ ও জেলা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেন।