• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

ফ্যামিলি কার্ডের খানা তথ্য সংগ্রহের সময়সীমা বেঁধে দিল সমাজসেবা অধিদপ্তর

অনলাইন ডেস্ক ►
ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় সারা দেশে খানা তথ্য সংগ্রহের কাজ আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। একই সঙ্গে উপকারভোগী নির্বাচন, সামাজিক নিরীক্ষা, অভিযোগ নিষ্পত্তি ও চূড়ান্ত তালিকা অনুমোদনের ক্ষেত্রে নির্ধারিত পদ্ধতি অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। সমাজসেবা কার্যালয়ের উপপরিচালকদের কাছে পাঠানো চিঠিতে বিষয়টিকে অতীব জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নির্ভুলভাবে খানা তথ্য সংগ্রহ করতে হবে। তথ্যের মান বজায় রেখে কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত খানা ও পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ অব্যাহত রাখতে হবে।

ফ্যামিলি কার্ডের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত পরিবারগুলোর শনাক্ত তালিকা কেন্দ্রীয় সার্ভার থেকে সংগ্রহ করে ইউনিয়ন পরিষদের নোটিশ বোর্ড, হাটবাজারসহ জনসমাগমস্থলে প্রকাশ করতে হবে। এরপর ফ্যামিলি কার্ড কর্মসূচি নীতিমালা ২০২৬ অনুযায়ী ওয়ার্ড সভা, সামাজিক নিরীক্ষা ও গ্রাম আদালতের সিদ্ধান্তের মাধ্যমে উপকারভোগী নির্বাচন ও যাচাই করতে হবে।

তালিকায় নাম না থাকা কোনো ব্যক্তি বা পরিবার দাবি জানালে ওয়ার্ড সভায় তা বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। গণশুনানিতে তালিকা প্রকাশ বা নির্বাচন নিয়ে আপত্তি উঠলে উপজেলা প্রশাসন তদন্তের মাধ্যমে তা নিষ্পত্তি করবে। যোগ্য কোনো পরিবার বাদ পড়ার অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির ব্যবস্থাও রাখতে হবে।

আপত্তি ও অভিযোগ যাচাইয়ের পর ইউনিয়ন বাস্তবায়ন কমিটি সুপারিশ উপজেলা কমিটির কাছে পাঠাবে। সংশ্লিষ্ট সমন্বয়কারী কর্মকর্তা এসব সুপারিশ যাচাই করে উপজেলা, পৌরসভা বা সিটি করপোরেশন কমিটিতে উপস্থাপন করবেন। কমিটি কার্যবিবরণী সংরক্ষণ এবং নমুনা হিসেবে কিছু বাড়ি সরেজমিনে যাচাই করে চূড়ান্ত তালিকা বা পে-রোল অনুমোদন করবে।

শহরাঞ্চলে প্রকৃত ও অসচ্ছল দরিদ্র পরিবার যেন তালিকা থেকে বাদ না পড়ে, সে বিষয়ে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অনুমোদিত চূড়ান্ত তালিকা সংশ্লিষ্ট সফটওয়্যারে লক করতে হবে, যাতে পরে আর কোনো পরিবর্তন করা না যায়।

এ ছাড়া উপজেলা বা শহর কমিটির অনুমোদিত তালিকা থেকে লটারির মাধ্যমে ২ থেকে ৫ শতাংশ পরিবার বাছাই করে সরেজমিনে যাচাই করবেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক। চিঠিতে অভিযোগ নিষ্পত্তির সময়সীমাও নির্ধারণ করা হয়েছে। প্রাপ্ত অভিযোগ ১০ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। উপজেলা বা শহর কমিটির সিদ্ধান্তে কেউ সংক্ষুব্ধ হলে সিদ্ধান্তের ৩০ দিনের মধ্যে জেলা কমিটিতে আপিল করতে পারবেন।

খানা তথ্য সংগ্রহ বা ফ্যামিলি কার্ড কার্যক্রমে কোনো তথ্য সংগ্রহকারী কিংবা সুপারভাইজারের জালিয়াতি বা ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেওয়ার প্রমাণ পাওয়া গেলে নীতিমালার ১১.৩(ক) অনুচ্ছেদ অনুযায়ী তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ফ্যামিলি কার্ড কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের স্বার্থে সংশ্লিষ্ট সবাইকে এসব নির্দেশনা যথাযথভাবে অনুসরণের অনুরোধ জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর।