• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

ফুলছড়িতে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনের মামলায় আসামি জেলহাজতে

ফুলছড়ি প্রতিনিধি

গাইবান্ধার ফুলছড়িতে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার আমির হোসেনকে (৩৮) জেলহাজতে পাঠিয়েছেন আদালত। গত শুক্রবার তাকে গাইবান্ধার বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আমির হোসেন ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের মৃত আব্দুল মান্নাফ প্রামাণিকের ছেলে। পুলিশ জানায়, গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। স্থানীয়রা জানান, আমির হোসেন এলাকায় ডাকাতি, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত। মানুষ তার ভয়ে এলাকায় নির্বিঘ্নে চলাফেরা করতে পারে না। 

পুলিশ সূত্রে জানা গেছে, আমির হোসেনের বিরুদ্ধে ফুলছড়ি থানায় দায়ের করা একটি মামলায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ও ২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৪(ক) ও ৫ ধারায় অভিযোগ আনা হয়েছে। এছাড়া তাঁর বিরুদ্ধে জমি দখল, মৃত্যুর হুমকি ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। 

পুলিশের পক্ষ থেকে আদালতে দেওয়া আবেদনে বলা হয়, মামলার তদন্ত এখনো চলমান। তদন্তের স্বার্থে আসামিকে কারাগারে আটক রাখা প্রয়োজন। তিনি জামিনে মুক্তি পেলে তদন্ত কার্যক্রম ব্যাহত হতে পারে। একই সঙ্গে তিনি পালিয়ে যেতে কিংবা মামলার সাক্ষীদের প্রভাবিত করতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করা হয়। পরে পুলিশ আমির হোসেনকে আদালতে হাজির করলে শুনানি শেষে আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা ফুলছড়ি থানার উপপরিদর্শক (এসআই) একরামুল হক বলেন, মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ ও যাচাই-বাছাই করা হচ্ছে। তিনি বলেন, তদন্ত শেষে মামলার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।