• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা আব্দুর রহিম

অনলাইন ডেস্ক ►

চলাফেরার সক্ষমতা পুনরুদ্ধার এবং একজন মানুষের স্বাভাবিক জীবনযাপনের পথ সুগম করতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিমের জন্য তিনি বিশেষ ব্যবস্থায় একটি উন্নতমানের কৃত্রিম পায়ের (প্রস্থেটিক লিম্ব) ব্যবস্থা করেছেন।

শনিবার রাজধানীর গুলশানে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানে আব্দুর রহিমের হাতে এই কৃত্রিম পা তুলে দেন প্রধানমন্ত্রী। দীর্ঘ দিন আগে দুর্ঘটনায় বাম পা হারানোর পর থেকে আব্দুর রহিম স্বাভাবিক চলাফেরায় চরম সীমাবদ্ধতার শিকার হয়েছিলেন। পঙ্গুত্বের কারণে ব্যক্তিগত ও সামাজিক কর্মকাণ্ডে তার অংশগ্রহণ অনেকটাই সংকুচিত হয়ে পড়েছিল।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, একজন মানুষের সচল থাকা তার অধিকার। আব্দুর রহিম যেভাবে দীর্ঘ দিন ধরে কষ্ট সহ্য করে কাজ করে গেছেন, তা আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক। আমরা চাই, তিনি আবারও তার স্বাভাবিক জীবনে ফিরে আসুন এবং পূর্ণ উদ্যমে কাজ করুন।

কৃত্রিম পা ব্যবহারের ফলে আব্দুর রহিমের চলাফেরার সীমাবদ্ধতা অনেকটাই দূর হবে বলে আশা করা হচ্ছে। এটি শুধু তার দৈনন্দিন নির্ভরশীলতা কমাবে না, বরং একজন রাজনৈতিক ও সামাজিক কর্মী হিসেবে তাকে আবারও সরব করে তুলবে। এমন মানবিক উদ্যোগের জন্য স্থানীয় মহলে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূয়সী প্রশংসা করা হচ্ছে।