• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

পাবনায় ব্যবসায়ীসহ ২ জনকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক ►
পাবনার আতাইকুলার পুষ্পপাড়া বাজারে দুর্বৃত্তের গুলিতে এক ব্যবসায়ীসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাজারের একটি ব্যবসায়িক কার্যালয়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পুষ্পপাড়া এলাকার ধর্মগ্রামের আরজ আলীর ছেলে আব্দুস সালাম (৫৪) ও একই গ্রামের ওমেদ আলী মেম্বারের ছেলে রিপন (৩০)। আব্দুস সালাম পুষ্পপাড়া বাজারের ইজারাদার ছিলেন। রিপন তার সহযোগী হিসেবে পরিচিত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় পুষ্পপাড়া বাজারে আব্দুস সালামের ব্যবসায়িক কার্যালয়ে বসে ছিলেন সালাম ও রিপন। এ সময় ৫-৭ জনের একটি দল সেখানে ঢুকে তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

গুলিতে আহত সালাম ও রিপনকে স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) প্রদীপ কুমার সাহা বলেন, ৫-৭ জনের একটি দল গুলি করতে করতে সালামের কার্যালয়ে ঢোকে। পরে তারা পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ করছে।