• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

পলো দিয়ে বিলে মাছ ধরার উৎসব, অংশ নিলেন দেড় হাজার বৈত

কুদ্দুস আলম ►
গাইবান্ধা পৌর শহরের আদর্শপাড়ার হলদিয়ার বিলে পলো দিয়ে মাছ ধরার উৎসবে মেতে ওঠেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় দেড় হাজার বৈত। ঐতিহ্যবাহী এ মাছ ধরার আয়োজনে একসঙ্গে কোমরপানিতে নেমে মাছ ধরেন তাঁরা।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ে গাইবান্ধার বিভিন্ন এলাকা থেকে বৈতরা পলো নিয়ে হলদিয়ার বিলে জড়ো হন। এরপর একযোগে বিলে নেমে প্রায় তিন ঘণ্টা ধরে মাছ ধরেন তাঁরা।

এ সময় তাঁদের জালে ও পলোতে ধরা পড়ে রুই, গ্লাস কার্প, শোল, কার্প, বোয়ালসহ বিভিন্ন প্রজাতির মাছ। পলো দিয়ে মাছ ধরার এ আয়োজনকে ঘিরে বিলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ পদ্ধতিতে দলবেঁধে মাছ ধরার দৃশ্য উপভোগ করেন উপস্থিত মানুষজন।

আধুনিকতার ছোঁয়ায় গ্রামবাংলার অনেক ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। এর মধ্যে পলো দিয়ে মাছ ধরা অন্যতম। এমন আয়োজন শুধু মাছ ধরার আনন্দই নয়, বরং গ্রামীণ ঐতিহ্য ও পারস্পরিক সম্প্রীতিরও বহিঃপ্রকাশ।