• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

পঞ্চগড় সীমান্তে পুশ ইনের চেষ্টা রুখে দিল বিজিবি

অনলাইন ডেস্ক ►
পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে ৭ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবির বাধার মুখে শেষ পর্যন্ত ওই ৭ জন ভারতে ফিরে যেতে বাধ্য হয়েছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে তারা ভারতের অভ্যন্তরে ফিরে যান। তাদের মধ্যে ছয়জন পুরুষ ও একজন নারী ছিলেন। নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মালকাডাঙ্গা সীমান্ত এলাকায় ৭ জনকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে দেখা যায়।

এ সময় সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা তাদের বাধা দেন। পরে তারা সীমান্তের কাছাকাছি এলাকায় অবস্থান নেন। দিনভর ওই ৭ জন সীমান্ত এলাকায় অবস্থান করলেও বিজিবি তাদের বাংলাদেশে প্রবেশ করতে দেয়নি। পরে রাতে বিজিবির কঠোর অবস্থানের কারণে তারা একই সীমান্ত দিয়ে ভারতে ফিরে যান।

বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, সীমান্তে চোরাচালান, অবৈধ পারাপার, পুশ ইনসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি নজরদারি আরো জোরদার করা হয়েছে।