• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

নাহিদ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও বেকার নারীদের সেলাই মেশিন প্রদান

মোদাচ্ছেরুজ্জামান মিলু ►
গাইবান্ধার মানবিক সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে নাহিদ ফাউন্ডেশন বরাবরই গরীব ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান, প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ, গরীব ও বেকার নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রমসহ অন্যান্য সহযোগিতা করে থাকে।

গতকাল বুধবার নাহিদ ফাউন্ডেশন তাদের ডেভিড কোম্পানি পাড়ার নিজস্ব অফিসে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করে এবং বেকার নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করে। এবারে ১০ জন বেকার নারীদের উন্নতমানের সিঙ্গার কোম্পানির সেলাই মেশিন প্রদান করা হয় এবং মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালযের ১১ জন শিক্ষার্থীর প্রতিজনকে ১০ হাজার করে নগদ টাকা এবং ২৫০ জন এসএসসি পরীক্ষার্থীদের প্রতিজনকে দুই হাজার করে টাকা দেওয়া হয়।

শুরুতে এ উপলক্ষে একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন এবং বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রেদুয়ানুল হালিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক মাধুকর পত্রিকার সম্পাদক কে এম রেজাউল হক।

এছাড়াও বক্তব্য রাখেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও পরিবেশ আন্দোলনের নেতা ওয়াজিউর রহমান রাফেল, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) এটিএম ফরহাদ হোসেন বিজু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক উপপরিচালক সাফায়েত হোসেন, নাহিদ ফাউন্ডেশনের অ্যাডভাইজার মো. রফিকুল ইসলাম, অ্যাডভাইজার রকিবুল হক চৌধুরী ও হিসাবরক্ষক তরিকুল ইসলাম রাজিব (বাবু)।