• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

নারীদের স্বনির্ভরতা অর্জনে মহিলা বিষয়ক অধিদপ্তর

সঞ্জয় সাহা ►
গাইবান্ধা শহরসহ জেলার ৭ উপজেলার গ্রামীণ নারীদের স্বনির্ভরতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মহিলা বিষয়ক অধিদপ্তর। আয়-সংস্থানমূলক কার্যক্রম প্রশিক্ষণ দিয়ে গ্রামীণ নারীদের ভালো উপার্জন করা, স্বাবলম্বী হওয়া এবং জীবন যাত্রার মান উন্নত করতে সহায়তা করছে উক্ত দপ্তরটি। এতে করে নারীরা নিজেই উদ্যোক্তা হবার পাশাপাশি নিজের পিতা-মাতা, ভাইসহ স্বামীর পাশে সহায়ক ভূমিকা পালন করতে পারছে।

নারীদের ৩ মাসের ট্রেনিং প্রদান ও যাতায়াত ভাতা প্রদান মাধ্যমে গ্রামীণ ও পিছিয়ে থাকা নারীদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ১) কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন (২) বেসিক কম্পিউটার (৩) দর্জি বিজ্ঞান, (৪) ব্লক বাটিক এন্ড টাইডাই, (৫) এমব্রয়ডারী, (৬) হাউজ কিপিং এন্ড কেয়ার গিভিং, (৭) বিউটিফিকেশন, (৮) আধুনিক গার্মেন্টস (অনাবাসিক), (৯) মাশরুম ও জৈব চাষাবাদ, (১০) পেষ্টি এন্ড বেকারী প্রোডাক্ট, (১১) ড্রেস মেকিং এন্ড টেইলারিং, (১২) হার্টিকালচার এন্ড নার্সারী, (১৩) মোবাইল ফোন সার্ভিসিং, (১৪) ক্যাটারিং, (১৫) ফ্যাশান ডিজাইনসহ মোট ১৫টি ট্রেড-এ প্রশিক্ষণগুলো পরিচালনা করা হচ্ছে।

সরকারের অব্যাহত সহায়তা এবং তাদের নিজস্ব উদ্যোগের মাধ্যমে, অনেক গ্রামীণ নারী পরিচালনা এবং বেকার যুবতীদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে তাদের সক্ষমতা বৃদ্ধি করেছেন, যা তাদের স্বনির্ভরতা অর্জনেও সহায়তা করেছে। আয়সংস্থানমূলক কর্মকাণ্ডের জন্য গ্রামীণ নারীদের সম্ভাব্য সকল ধরণের সহায়তা প্রদান করা হয়েছে। তাদের অনেকেই সরকারি বিভাগ, সংস্থা এবং কিছু এনজিও থেকে সহায়তা নিয়ে কর্মসংস্থান সৃষ্টির জন্য ক্ষুদ্র উদ্যোগ, ব্যবসা ও বাণিজ্য শুরু করেছেন।

গাইবান্ধা মহিলা বিষয়ক অধিপ্তরে প্রশিক্ষণ নিতে মাষ্টারপাড়া হতে আসা প্রশিক্ষনার্থী তানহা ইসলামসহ অনেক দর্জি প্রশিক্ষনার্থী বলেন, গাইবান্ধা মহিলা বিষয়ক অধিদপ্তরে আমি ড্রেস মেকিং এন্ড টেইলারিং ৩ মাসের প্রশিক্ষণ নিচ্ছি। প্রশিক্ষণের পাশাপাশি প্রশিক্ষণে আসা যাওয়া ও নাস্তা বাবদ প্রতিদিন ১শ টাকা হিসেবে পারিশ্রমিক পাব ট্রেনিং কোর্স সম্পন্ন হলে। এখানে প্রশিক্ষণ নিয়ে মেয়েরা অনেক স্বাবলম্বী হচ্ছে। সে সাথে মেয়েরা সেলাই শিখে বাসায় দর্জির কাজ মধ্য দিয়ে পরিবারের পাশে দাঁড়াতে পারছে।

গাইবান্ধা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নার্গিস জাহান বলেন, সরকারি সহায়তায় সেলাই, সূচিকর্ম ও অন্যান্য ব্যবসায় প্রশিক্ষণ ও সহায়তা পেয়ে অনেক বেকার যুবতী ও নারী ভালো আয় করছেন। গ্রামীণ নারীরা ক্ষুদ্র উদ্যোগ, ব্যবসা, কুটির শিল্প, সেলাই মেশিন সহ ১৫টি ট্রেডে নারীদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। সে সাথে অর্থের অভাবে যেন প্রশিক্ষণ নিতে আসার অনিচ্ছা না হয় সে জন্য তাদের যাতায়াত বাবদ প্রতিদিন ১শ হারে প্রশিক্ষণ মেয়াদ শেষে প্রদান করা হয়। মোটা অংকের টাকা পেয়ে তারা সেই অর্থ দিয়ে সেলাই মেশিন কিনে স্বাবলম্বী হতে পারে।