অনলাইন ডেস্ক ►
পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে প্রায় ২ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টা ৫ মিনিটের দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এর আগে ভোর ৫টা ৪৫ মিনিট থেকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা রোধে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়। এতে নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া ঘাট প্রান্তে সিরিয়ালে আটকা পড়ে বেশ কিছু যানবাহন। এ সময় শীতের হিমেল বাতাসে দুর্ভোগে পড়েন যানবাহনের চালক ও যাত্রীরা।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক বশির আহম্মেদ খান জানান, কুয়াশার ঘনত্ব কমে আসায় সকাল ৮টা ৫ মিনিট থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। বর্তমানে এ রুটে ছোট-বড় ১০টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।