অনলাইন ডেস্ক ►
দুর্গাপূজা উপলক্ষে আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন চার সিনেমা। দেশের তিনটি সিনেমার সঙ্গে মুক্তির তালিকায় আছে হলিউডের এক সিনেমা। দেশের তিনটি সিনেমা নির্মিত হয়েছে সত্য ঘটনা অবলম্বনে। সিনেমাগুলো হলো ‘স্নেহের বন্ধন’, ‘চিরকুট’ ও ‘কাট-পিস’। অন্যদিকে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিন থেকে দেশের সিনেপ্লেক্সে দর্শকেরা উপভোগ করতে পারবেন ‘স্ট্রিট ফাইটার’।
স্নেহের বন্ধন
পারিবারিক গল্পে কামরুজ্জামান পরিচালনা করেছেন ‘স্নেহের বন্ধন’। সিনেমার গল্প একটি যৌথ পরিবারকে কেন্দ্র করে, যেখানে সময়ের বিবর্তনে ভাই-বোন ও মা-বাবার সম্পর্কে তৈরি হয় দূরত্ব, অহংকার আর ভুল-বোঝাবুঝির পাহাড়। কিন্তু জীবনের কোনো এক কঠিন মুহূর্তে সেই অভিমান আর দূরত্ব ভেঙে একে অপরের প্রতি স্নেহের টানই হয়ে ওঠে একমাত্র আশ্রয়। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয় চৌধুরী, মৌ খান, শিবা শানু, কাজী হায়াৎ, সাবেরী আলম, নাদের চৌধুরী, রিনা খান প্রমুখ। প্রযোজনা করেছেন মো. শাহ আলম।
চিরকুট
নব্বইয়ের দশকের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমা ‘চিরকুট’। সিনেমার প্রেক্ষাপট রাজশাহী বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসজুড়ে তারুণ্যের উচ্ছ্বাস, বন্ধুত্ব, নস্টালজিয়া প্রেম আর জীবনের নানা গল্প। পরিচালনা করেছেন মুনতাসির আকিব। এটি নির্মাতার প্রথম সিনেমা। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুন মিম, কাজী নওশাবা আহমেদ, সুমন পাটোয়ারী, তেহজিব, আবদুল্লাহ আল সেন্টু, শাওন আশরাফ, সিয়াম নাসির, শিমুল, সাদি খান, শামীম আহসান, মাহিরা হাসান, ইব্রাহিম সুজনসহ অনেকে। পরিচালনার পাশাপাশি এ সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন মুনতাসির আকিব।
কাট-পিস
পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে তৈরি হয়েছে সিনেমা ‘কাট-পিস’। ঝুট ব্যবসাকে ঘিরে অর্থ, ক্ষমতা, আধিপত্য ও সংঘাতের জগৎই কাট-পিস সিনেমার গল্পের মূল ভিত্তি। অভিনয় করেছেন সিফাত আমিন শুভ, রাফাহ নানজীবা তোরসা, ইমরান আহমেদ সওদাগর, বাপ্পী আশরাফ, সাইফুল কবির, এলিনা শাম্মীসহ অনেকে। পরিচালনা ও প্রযোজনা করেছেন ইফফাত জাহান মম। গত রোজার ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছিলেন নির্মাতা। শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। অবশেষে আজ মুক্তি পাচ্ছে কাট-পিস।
স্ট্রিট ফাইটার
স্ট্রিট ফাইটার মূলত জনপ্রিয় ভিডিও গেম সিরিজ অবলম্বনে নির্মিত অ্যাকশন ও মার্শাল আর্টভিত্তিক সিনেমা। ১৯৯৩ সালের পটভূমিতে নির্মিত এই সিনেমার গল্পে দেখা যাবে, দুই চিরপ্রতিদ্বন্দ্বী মার্শাল আর্টিস্ট রিউ এবং কেন মাস্টার্স চুন-লি বিশ্ব ওয়ারিয়র টুর্নামেন্টে অংশ নেওয়ার আমন্ত্রণ পায়। তবে এই টুর্নামেন্টের আড়ালে লুকিয়ে আছে অপরাধী চক্র শ্যাডালু এবং এর প্রধান এম বাইসনের এক ভয়ানক বৈশ্বিক ষড়যন্ত্র। পরিচালনা করেছেন কিতাও সাকুরাই। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অ্যান্ড্রু কোজি, নোয়া সেন্টিনিও, ক্যালিনা লিয়াং, বিদ্যুৎ জামওয়াল প্রমুখ।