• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

দনবাসের বিনিময়ে ন্যাটো সদস্যপদ? ইউক্রেন সংকটে নতুন সমীকরণ

অনলাইন ডেস্ক ►

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে এক নতুন ও চাঞ্চল্যকর কূটনৈতিক প্রস্তাব নিয়ে বিশ্বরাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, মার্কিন আলোচকরা দনবাস অঞ্চল থেকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহারের বিনিময়ে দেশটিকে ন্যাটো সদস্যপদ দেওয়ার একটি প্রস্তাব তুলে ধরেছেন।

শনিবার এক বিবৃতিতে জেলেনস্কি জানান, প্রথমবারের মতো এমন প্রস্তাব আনুষ্ঠানিকভাবে আলোচনার টেবিলে এসেছে। তবে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এমন কোনো সিদ্ধান্ত গ্রহণের আগে দেশের মানুষের মতামত জানতে তিনি গণভোট (রেফারেন্ডাম) আয়োজন করতে প্রস্তুত। শর্ত হিসেবে তিনি জানিয়েছেন, ইউক্রেনের নিরাপত্তার পূর্ণ নিশ্চয়তা, সামরিক সক্ষমতা বজায় রাখা এবং যুদ্ধের ফলে ধ্বংসপ্রাপ্ত দেশ পুনর্গঠনে বিপুল অর্থায়নের ব্যবস্থা থাকতে হবে।

অন্যদিকে, বিষয়টি প্রকাশ্যে আসার পরপরই যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জ্যারেড কুশনার এই আলোচনার বিষয়টি নিয়ে গোপনীয়তা বজায় রাখার আহ্বান জানান। তিনি একে ‘সংবেদনশীল প্রক্রিয়া’ হিসেবে অভিহিত করে কোনো চূড়ান্ত সিদ্ধান্তের আগে উত্তেজিত বক্তব্য না দেওয়ার অনুরোধ করেছেন। 

বিশ্লেষকদের মতে, রাশিয়া বর্তমানে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড দখল করে রেখেছে। মস্কো বারবার জানিয়ে আসছে যে, তারা কিয়েভের নিরপেক্ষতা এবং সামরিক সীমাবদ্ধতার শর্তে অটল। এই জটিল কূটনৈতিক সংকটে ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতার বিষয়টি এখন বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। যুদ্ধের ভয়াবহতা কমাতে কি আসলেই ভূখণ্ড ছেড়ে ন্যাটোতে যোগ দেওয়ার ঝুঁকি নেবে কিয়েভ? সেই উত্তরের অপেক্ষায় বিশ্ববাসী।