অনলাইন ডেস্ক ►
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধ ও পূর্বশত্রুতার জেরে আগাছানাশক প্রয়োগ করে এক কৃষকের ৫৪ শতক জমির ধান নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে তিনজনের বিরুদ্ধে তেঁতুলিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কৃষক আবুল হোসেনের ছেলে আশরাফ আলী।
রবিবার (১১ অক্টোবর) দুপুরে স্থানীয় হাসিবুল ইসলাম (৩৮), হরমুজ আলী (৪০) ও তাদের বাবা আব্দুল হকের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করা হয়। জানা গেছে, ভুক্তভোগী আশরাফ আলী ও তার বাবা আবুল হোসেন তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের চিমনজোত গ্রামের বাসিন্দা। অন্যদিকে অভিযুক্তরা একই ইউনিয়নের দক্ষিণ দর্জিপাড়া এলাকার বাসিন্দা। সরেজমিন চিমনজোত এলাকায় ধানখেতে গিয়ে আগাছানাশক প্রয়োগে ফসল নষ্ট হওয়ার চিত্র দেখা গেছে।
ভুক্তভোগীদের অভিযোগ, শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যার পর হাসিবুল ইসলাম, হরমুজ আলী ও তাদের বাবা আব্দুল হক আবুল হোসেনের ভোগদখলে থাকা ৫৪ শতক জমির ধানখেতে ‘রাউন্ডআপ’ নামের আগাছানাশক প্রয়োগ করেন। পরদিন ১০ অক্টোবর সকালে জমিতে গিয়ে তারা ফসল নষ্ট হওয়ার বিষয়টি দেখতে পান। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ইউপি সদস্য হারুন অর রশিদকে বিষয়টি দেখানো হয়।
কৃষক পরিবারের দাবি, আগাছানাশক প্রয়োগের পর থেকেই তাদের কষ্টার্জিত মৌসুমি ধানের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। ঘটনার দিন সন্ধ্যার আগে অভিযুক্তদের ওই এলাকায় দেখেছেন বলেও দাবি করেছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা।
ভুক্তভোগীরা আরও জানান, গত আট থেকে ৯ মাস ধরে দর্জিপাড়া মৌজার জমি নিয়ে হাসিবুল, হরমুজ ও তাদের বাবা আব্দুল হকের সঙ্গে বিরোধ চলছিল। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে বিচার চেয়েও বিরোধের নিষ্পত্তি হয়নি। বরং সালিশি সিদ্ধান্তের পরও তাদের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।
স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম জানান, ভুক্তভোগীদের জমির পাশেই তার জমি রয়েছে। ধানখেত দেখতে এসে তিনি হাসিবুল ও হরমুজকে স্প্রে মেশিন নিয়ে জমির দিকে যেতে দেখেছেন বলে দাবি করেন।
ভুক্তভোগী কৃষক আবুল হোসেন বলেন, ধার-দেনা করে জমিতে ধান চাষ করেছি। কিন্তু হঠাৎ হাসিবুল, তার ভাই হরমুজ ও তাদের বাবা রাতের আঁধারে আমার ধানখেতে কীটনাশক দিয়ে ফসল নষ্ট করেছে। জমি নিয়ে বিরোধ রয়েছে, এমন জমির পাশাপাশি বিরোধ নেই-এমন জমির ধানও নষ্ট করেছে। আমি তাদের বিচার চাই।
আবুল হোসেনের ছেলে আশরাফ আলী বলেন, তার বাবা ও তারা দুই ভাই এই জমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু রাতের আঁধারে ধানখেত নষ্ট করে তাদের পথে বসিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় ও স্থানীয় ব্যক্তিদের কাছে অভিযোগ করে বিচার চেয়েছেন তারা। এর আগেও অভিযুক্তরা এলাকার বিভিন্ন মানুষের ফসল নষ্ট ও জমি দখল করেছেন।
তবে এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্তদের বাড়িতে গিয়ে ও মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। অভিযুক্ত হাসিবুল ও হরমুজের মা বলেন, এই কাজ আমরা করিনি। তারাই ফসল নষ্ট করে এখন আমাদের ওপর দোষ চাপাচ্ছে।
তেঁতুলিয়া সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। সে সময় সেখানে স্থানীয় অনেক মানুষ উপস্থিত ছিলেন। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান জানান, এ ঘটনায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হবে।
এ ছাড়া হাসিবুল ইসলাম ও তার পরিবারের বিরুদ্ধে এর আগেও এলাকার বিভিন্ন মানুষের জমি দখল ও ফসল নষ্ট করার অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের বিরুদ্ধে মামলা ও অভিযোগ রয়েছে বলেও দাবি করেন তারা।