• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

তাইওয়ানে সুপার টাইফুন ‘চাম্পি’র তাণ্ডব: একজনের মৃত্যু, আহত পাঁচ শতাধিক

অনলাইন ডেস্ক ►

বিধ্বংসী সুপার টাইফুন ‘চাম্পি’র সরাসরি আঘাতে লন্ডভন্ড হয়ে পড়েছে তাইওয়ান। আজ শনিবার দ্বীপরাষ্ট্রটির ওপর দিয়ে বয়ে যাওয়া এই শক্তিশালী সামুদ্রিক ঝড়ের প্রভাবে একজনের প্রাণহানি ঘটেছে এবং আহত হয়েছেন অন্তত পাঁচ শতাধিক মানুষ। প্রবল ঝড়ো হাওয়া ও একটানা ভারী বর্ষণে দেশটির স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তীব্র জলোচ্ছ্বাসের তোড়ে সাগরে ভেসে গিয়ে এক ব্যক্তির সলিলসমাধি ঘটে। এছাড়া বাতাসের তীব্রতায় শত শত গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। দুর্যোগকালীন সময়ে প্রায় ১ লাখ ৬৭ হাজারের বেশি পরিবার সম্পূর্ণ বিদ্যুৎহীন হয়ে পড়ে, যদিও পরবর্তীতে দ্রুততম সময়ে অধিকাংশ এলাকায় বিদ্যুৎ পুনঃসংযোগের ব্যবস্থা করা হয়।

ঝড়ের ভয়াবহতার কারণে দেশটির যোগাযোগ খাত মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। শনিবার প্রায় ২৪২টি দেশি-বিদেশি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়, যার আগের দিনও প্রায় এক হাজার ফ্লাইট বাতিল ছিল। রাজধানী তাইপেসহ মধ্য ও উত্তরাঞ্চলের নিরাপত্তার কথা মাথায় রেখে টানা দুই দিন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি অফিস বন্ধ রাখার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, উপকূল অতিক্রম করার পর ঝড়টির গতিবেগ কিছুটা কমে বর্তমানে ঘণ্টায় প্রায় ১২৬ কিলোমিটারে দাঁড়িয়েছে। এটি এখন উত্তর দিকে মোড় নিয়ে চীনের মূল ভূখণ্ডের উপকূল ও দক্ষিণ জাপানের দিকে অগ্রসর হচ্ছে।