• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

ঢাকা টু রংপুর লংমার্চ উপলক্ষে প্রস্তুতি বিষয়ে পলাশবাড়ীতে ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিং

পলাশবাড়ী প্রতিনিধি ►
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ বিভিন্ন দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর লংমার্চ সফল করতে গাইবান্ধায় ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি জোরদার করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় পলাশবাড়ী চৌমাথায় ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে লংমার্চ ও পলাশবাড়ী পথসভা সফল করার লক্ষ্যে গৃহীত বিভিন্ন প্রস্তুতি ও কর্মসূচির বিষয়ে গণমাধ্যমকর্মীদের অবহিত করা হয়।

প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্য দেন ১১ দলীয় ঐক্যের অন্যতম নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। তিনি বলেন, জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে কোনো আপস করার সুযোগ নেই। গণভোটে জনগণ যে গণরায় দিয়েছে, তা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়; এটি জনগণের ন্যায়সংগত দাবি ও অধিকার আদায়ের একটি শান্তিপূর্ণ গণআন্দোলনের কর্মসূচি। দেশের মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এসব দাবি বাস্তবায়নে আন্দোলনকে আরও শক্তিশালী করা হবে। তিনি লংমার্চ ও পলাশবাড়ী পথসভা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফল করতে দলীয় নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

প্রেস ব্রিফিংয়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন ও গাইবান্ধার সাবেক জেলা আমীর ডা. আব্দুর রহিম সরকার। গাইবান্ধা জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি ও জেলা ১১ দলীয় ঐক্যের আহ্বায়ক সৈয়দ রোকনুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি ও পলাশবাড়ী পথসভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম এমপি, এনসিপির জেলা আহ্বায়ক এস এম খাদেমুল ইসলাম (খুদি), বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মুফতি মাওলানা আবু ইউসুফ, এলডিপির জেলা সভাপতি অধ্যক্ষ শরিফুল ইসলাম, জাগপার জেলা সভাপতি মো. জাহিদুল ইসলাম, এবি পার্টির জেলা আহ্বায়ক মো. খাইরুল ইসলাম, বিডিপির জেলা সভাপতি মো. সুলতান মাহমুদসহ ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হবে। এর অংশ হিসেবে ওই দিন বিকেল ৪টায় পলাশবাড়ী চৌমাথায় পথসভা অনুষ্ঠিত হবে। কর্মসূচি সফল করতে গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রস্তুতি নেওয়া হয়েছে।‘