অনলাইন ডেস্ক ►
বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কারণে এলএনজিবাহী জাহাজ থেকে গ্যাস খালাসে সাময়িক বিলম্ব হলেও জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
তিনি জানান, শুক্রবার সকাল ৭টা ১৮ মিনিট থেকে এলএনজি খালাস কার্যক্রম শুরু হয়েছে এবং দুপুরের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় যশোর সার্কিট হাউসে অনুষ্ঠিত যশোর জেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
গ্যাস ও জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কারণে এলএনজিবাহী জাহাজ থেকে গ্যাস খালাসে কিছুটা বিলম্ব হয়েছিল। এ কারণে সাময়িকভাবে গ্যাসের চাপ কমে যায়। তবে খালাস কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে।
এদিকে যশোরবাসীর জন্য সুখবর দিয়ে প্রতিমন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই যশোরে পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) সেবা চালু করা হবে। গুরুতর হৃদরোগীদের চিকিৎসার জন্য যেন অন্য জেলায় যেতে না হয়, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।
যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং রোগীদের সেবা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা নাজমুল মুন্নি, যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হুসাইন শাফায়াতসহ স্থানীয় স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।