অনলাইন ডেস্ক ►
জার্মানিতে বাংলাদেশি শিক্ষার্থী ও দক্ষ পেশাজীবীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে। দুই দেশের মধ্যে উন্নয়ন সহযোগিতা, শিক্ষা, প্রযুক্তি, দক্ষ জনশক্তি ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।
একইসঙ্গে জার্মানিতে উচ্চশিক্ষার আবেদনপ্রক্রিয়া সহজ করতে আগামী ১ জানুয়ারি থেকে চালু হচ্ছে নতুন ডিজিটাল ভিসাব্যবস্থা। এসব উদ্যোগকে বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
শুক্রবার (২৭ নভেম্বর) জার্মানির রাজধানী বার্লিনে দেশটির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক মন্ত্রণালয়ের পার্লামেন্টারি স্টেট সেক্রেটারি ইয়োহান সাতহফের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৈঠকে বাংলাদেশ ও জার্মানির উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
দুই পক্ষই সম্প্রতি দুই দেশের সরকারি পর্যায়ে (জি টু জি) উন্নয়ন সহযোগিতাবিষয়ক আলোচনা সফলভাবে শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করে।
বৈঠকে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, কপ-৩১, জলবায়ু অর্থায়ন, রোহিঙ্গা সংকট, এ বিষয়ে অর্থের ঘাটতি, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায় ও পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া প্রযুক্তি ও জ্ঞান বিনিময় এবং বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণের বিষয়টিও গুরুত্ব পায়।
বৈঠকে শামা ওবায়েদ ইসলাম বাংলাদেশের সরকারের অর্থনৈতিক, মানবিক ও সামাজিক উন্নয়নের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। এর মধ্যে রয়েছে সৃজনশীল অর্থনীতির উদ্যোগ, শিক্ষা ও নারীর উন্নয়নে বাজেট বরাদ্দ বৃদ্ধি এবং শিশুদের খেলাধুলায় উৎসাহিত করতে ‘নতুন কুঁড়ি’ কর্মসূচি। অন্যদিকে ইয়োহান সাতহফ বাংলাদেশে তার সাম্প্রতিক সফর, রোহিঙ্গা শিবির ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরেন। বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন তিনি।
জার্মানিতে পড়াশোনার নতুন সুযোগ
জার্মানিতে উচ্চশিক্ষার প্রতি বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে। দেশটির সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক বিষয়ে টিউশন ফি ছাড়াই পড়াশোনার সুযোগ রয়েছে। পাশাপাশি রয়েছে গবেষণা, বৃত্তি ও বিভিন্ন আন্তর্জাতিক শিক্ষার্থী বিনিময় কর্মসূচি। প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন ও মানবিক এবং পরিবেশবিষয়ক শিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে ভিসা আবেদন প্রক্রিয়াতেও। জার্মান দূতাবাস ঢাকার ঘোষণা অনুযায়ী, আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য কনস্যুলার সার্ভিসেস পোর্টাল (সিএসপি) ব্যবহার করে ডিজিটাল আবেদনপ্রক্রিয়া চালু হবে। এতে অনলাইনে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার সুযোগ থাকবে। দূতাবাসের লক্ষ্য, নতুন ব্যবস্থায় অপেক্ষার সময় কমানো এবং আবেদনপ্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও কার্যকর করা।
দক্ষ কর্মীদের জন্য সম্ভাবনা
শিক্ষার পাশাপাশি জার্মানির শ্রমবাজারেও বিদেশি দক্ষ কর্মীদের চাহিদা রয়েছে। বিশেষ করে স্বাস্থ্যসেবা, নার্সিং, প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, কারিগরি পেশা ও বিভিন্ন প্রযুক্তিনির্ভর খাতে দক্ষ কর্মীদের সুযোগ রয়েছে। জার্মানির ফেডারেল এমপ্লয়মেন্ট এজেন্সির ২০২৬ সালের শ্রমবাজার বিশ্লেষণে ১৫৭টি পেশাগত ক্ষেত্রে দক্ষ কর্মীর ঘাটতির কথা উঠে এসেছে।
এ ছাড়া জার্মানির দক্ষ জনশক্তি অভিবাসন আইন এবং অপরচুনিটি কার্ডের মাধ্যমে যোগ্য বিদেশি কর্মীদের জন্য দেশটিতে চাকরি খোঁজা ও কর্মসংস্থানের পথ তৈরি হয়েছে। ফলে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা এবং ভাষাগত দক্ষতা থাকলে বাংলাদেশিরাও এসব সুযোগ কাজে লাগাতে পারবেন।
জার্মান একাডেমি ঢাকার চেয়ারম্যান শামীম আল মামুন বাংলানিউজকে বলেন, জার্মানি দক্ষ পেশাজীবী ও শিক্ষার্থীদের জন্য একটি সম্ভাবনাময় দেশ। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর জার্মানিতে উচ্চপর্যায়ের বৈঠক এবং দুই দেশের সম্পর্ক জোরদারের উদ্যোগ নিঃসন্দেহে আশাব্যঞ্জক। বাংলাদেশিদের জন্য ভিসা সুবিধা বাড়ানো এবং দীর্ঘ অপেক্ষার অবসান হওয়া জরুরি। নতুন সিএসপি ব্যবস্থার মাধ্যমে আগামী বছর থেকে শিক্ষার্থীরা অনলাইনে ভিসার আবেদন করতে পারবেন। এতে আবেদনপ্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ হবে বলে আশা করছি। এখন বাংলাদেশি শিক্ষার্থীদের এই সুযোগ কাজে লাগানো উচিত। এমন উদ্যোগ নেওয়ার জন্য সরকারকেও ধন্যবাদ।
এনআরবি জার্মানির পরিচালক বিবি ফাতেমা বলেন, জার্মানিতে দক্ষ পেশাজীবীর সংকট রয়েছে, এটা সত্য। আবার অনেক শিক্ষার্থী জার্মানিতে এসে কাজ পাচ্ছেন না, এটাও বাস্তবতা। তাই শুধু বিদেশে আসার আগ্রহ থাকলেই হবে না। ভালোভাবে জার্মান ভাষা শেখার পাশাপাশি নির্দিষ্ট কোনো বিষয়ে দক্ষতা অর্জন করে আসা উচিত।
তিনি আরও বলেন, বাংলাদেশে শিক্ষিত মানুষেরা ইংরেজি জানেন। কিন্তু অফিস-আদালত ও দৈনন্দিন জীবনে বাংলা ভাষাই প্রধান। জার্মানিতেও একই বাস্তবতা। এখানে কর্মক্ষেত্র ও দৈনন্দিন জীবনে জার্মান ভাষার গুরুত্ব অনেক বেশি। তাই জার্মান ভাষা শিখে এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে এলে বাংলাদেশের শিক্ষার্থী ও পেশাজীবীরা ভালো করতে পারবেন। এতে জার্মানির শ্রমবাজারের চাহিদা পূরণের পাশাপাশি দুই দেশই লাভবান হবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, বাংলাদেশ ও জার্মানির মধ্যে উন্নয়ন, শিক্ষা, প্রযুক্তি ও দক্ষ জনশক্তি নিয়ে সহযোগিতা বাড়লে ভবিষ্যতে দুই দেশের মানুষের জন্য আরও সুযোগ তৈরি হতে পারে। এসব সুযোগ কাজে লাগাতে হলে বাংলাদেশি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা, ভাষাগত দক্ষতা এবং পেশাগত প্রস্তুতির ওপর গুরুত্ব দিতে হবে।