এ মান্নান আকন্দ, সুন্দরগঞ্জ ►
থামছে না কুকুর ও শিয়ালের কামড়। বেওয়ারিশ কুকুর ও শিয়ালের উপদ্রব লাগামহীন ভাবে বেড়ে যাওয়ায় চরম উৎকন্ঠায় উপজেলাবাসী। আতঙ্কে মানুষ ও পশুপাখি। বিশেষ করে ছেলে মেয়েদের নিয়ে চরম বিপাকে অভিভাবকরা। সেই সাথে ঝুঁকির মধ্যে দিয়ে হাট-বাজার করছেন হাটুরেগণ। কুকুরের নমুনায় জলাতঙ্ক পভেটিভ হওয়ায় গত শুক্রবার উপজেলার বেলকা বাজারে একটি পাগল কুকুরের কামড়ে শিশুসহ আক্রান্ত ৩০ জনই এখন জলাতঙ্ক পজেটিভ। সে কারনে গতকাল শুক্রবার টিকা নিতে হাসপাতালে ভিড় করেন আক্রান্তরা। আবারও আইইডিসিআর এর গবেষকগণ সুন্দরগঞ্জে এসেছেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ এবং প্রাণি সম্পদ অধিদপ্তর সুত্রে জানা গেছে, ২০২৬ সালের এপ্রিল মাস থেকে ৭ নভেম্বর পর্যন্ত কুকুর-শিয়ালের আক্রমণে বিছিন্ন ভাবে ৩০০ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৫ জনের মৃত্যু হয়। সেই সাথে অন্তত ৩০টি গরু ছাগল আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১০টির মৃত্যু হয়েছে। বেশির ভাগ আক্রান্তদের শরীরে জলাতঙ্ক জীবণু পাওয়া গেছে। চলতি বছরের ২২ এপ্রিল উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নে পাগল কুকুরের কামড়ে ২৫ জন আক্রান্ত হন। এর মধ্যে ৫ জন মারা যান। গত ৬ আগষ্ট সর্বানন্দ ইউনিয়নে কুকুরের কামড়ে ৬ জন, ২০ সেপ্টেম্বর উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা ও জিগাবাড়ি গ্রামে শিয়ালের কামড়ে ৯ জন এবং ২৬ সেপ্টেম্বর বামনডাঙ্গা ইউনিয়নে কুকুরের কামড়ে ৮ জন সর্বশেষ গত ২৫ অক্টোবর হতে ৭ নভেম্বর পর্যন্ত বেলকা ইউনিয়নে ৩০জন, রামজীবন ইউনিয়নে ৬জন, সোনারায় ইউনিয়নে ৬জন এবং বামডঙ্গিা ইউনিয়নে ১জন কুকুরের কামড়ে আক্রান্ত হন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুল হাসান বলেন, গতকাল শুক্রবার সকালে সর্বশেষ কুকুরের কামড়ে আক্রান্তদের ৩য় ডোজ টিকা দেয়া হয়। সে কারনে সকাল থেকে প্রচুর রোগীর ভিড় ছিল। যেহেতু কুকুরের নমুনায় জলাতঙ্ক পজেটিভ, সে কারনে আক্রান্তদের শরীরেও জলাতঙ্ক পজেটিভ। সে জন্য অনেকে আতঙ্কের মধ্যে রয়েছেন। তবে আশা করা যাচ্ছে, আক্রান্ত ৩০ জনের সকলের শারীরিক অবস্থা বর্তমানে ভাল রয়েছে। এ পর্যন্ত বিছিন্ন ভাবে ৩০০জন মানুষের শরীরের টিকা দেয়া হয়েছে।
উপজেলা প্রাণি সম্পদ অফিসার কে এম ইফতেখারুল ইসলাম বলেন, সর্বশেষ গত বুধবার কঞ্চিবাড়ি ইউনিয়নে একটি শিয়ালের কামড়ে ৪টি গরু ও কুকুরের কামড়ে ২টি ছাগল আক্রান্ত হয়েছে। ইতোমধ্যে টিকা দেয়া হয়েছে। সেই সাথে একটি গরুর শরীরে জলাতঙ্ক লক্ষণ পাওয়া যাওয়ায়, মালিকের অনুমতি নিয়ে সেটিকে টিকার মাধ্যমে সরিয়ে ফেলা হয়েছে। সেই সাথে পৌর ও উপজেলা প্রশাসেনের সার্বিক ব্যবস্থাপনায় বেলকা ইউনিয়নে গণটিকা কার্যক্রম চালু করা। অন্তত পাঁচশত কুকুরকে টিকা দেয়া হবে। বেলকা ইউনিয়নের পাগল কুকুরের নমুনায় জলাতঙ্ক পজেিেটভ পাওয়া গেছে।
প্রাণি সম্পদ অধিদপ্তরের এফিডেমিওলজি সেলের ডাক্তার মো. রফিকুল ইসলাম বলেন, কুকুর নিধনের কোন সুযোগ নেই। সে কারনে সকলকে সর্তক থাকতে হবে। সেই সাথে কুকুর ও শিয়ালকে বিরক্ত করা যাবে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জলাতঙ্ক আক্রান্ত কুকুর ও শিয়াল সহপাঠি অপর কুকুর ও শিয়ালকে কামড় দেয়ার কারনে জলাতঙ্ক বহনকারি কুকুর ও শিয়ালের সংখ্যা বেড়ে যাচ্ছে। সে কারণে সুন্দরগঞ্জে এর সংখ্য বেড়েই চলছে।
এ প্রসঙ্গে উপজেলা নিবার্হী অফিসার ঈফফাত জাহান তুলি বলেন, ইতোমধ্যে পৌরসভা ও উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় বেলকা ইউনিয়নে কুকুরের শরীরে টিকা প্রদান কার্যক্রম চালু করা হয়েছে। পর্যায়ক্রমে সবগুলো ইউনিয়নে টিকা দেয়া হবে।