• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

চট্টগ্রামে চলতি বছর ২৮ বার ট্রেন লাইনচ্যুত

চট্টগ্রাম সংবাদদাতা ►

চট্টগ্রাম-ঢাকা রেললাইনে কুমিল্লা জেলার লাকসামের আজগরা বাজারসংলগ্ন এলাকায় গত ২২ অক্টোবর কর্ণফুলী কমিউটার এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। আজগরা বাজারসংলগ্ন নাওটি স্টেশনের আউটার এলাকায় মেরামতের কাজ চলছিল।

তবে মেরামতের বিষয়ে রেলওয়ের কন্ট্রোল রুম এবং নাঙ্গলকোট ও লাকসাম রেলস্টেশন কর্তৃপক্ষকে না জানানোয় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার প্রায় ১৬ ঘণ্টা পর ট্রেনের বগিগুলো উদ্ধার করা হয়। এর এক মাস আগে গত ২১ সেপ্টেম্বর চট্টগ্রামের পটিয়ার চক্রশালা স্টেশনে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। রেলওয়ে সূত্রে জানা গেছে, লাইনচ্যুত হওয়ার স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি লেভেলক্রসিংয়ে ট্রেনটির সঙ্গে একটি পিকআপ ভ্যানের সংঘর্ষের কিছুক্ষণ পরই বগিটি লাইনচ্যুত হয়।

এভাবেই চট্টগ্রামের রেলপথে একের পর এক ঘটছে ট্রেনের লাইনচ্যুতি। কখনো যাত্রীবাহী ট্রেনের বগি, কখনো তেলবাহী ট্রেনের ওয়াগন, আবার কখনো মালবাহী ট্রেনের বগি লাইন থেকে ছিটকে পড়ছে। এসব দুর্ঘটনার পেছনে কোথাও ত্রুটিপূর্ণ রেললাইন, সিগন্যাল ওভারশুট, লাইনে কাজ করার বিষয়টি অবহিত না করা, কোথাও ইঞ্জিনের সঙ্গে সংঘর্ষ, আবার কোথাও লেভেলক্রসিংয়ে যানবাহন উঠে পড়ার মতো কারণ রয়েছে। অনেক সময় মেকানিক্যাল ও ইঞ্জিনিয়ারিং বিভাগের অবহেলার কারণেও দুর্ঘটনা ঘটছে।

রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম রেলওয়ে বিভাগে চলতি বছর ২৮টি দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে মেইন লাইনে ৯ বার, শাখা লাইনে আটবার এবং রেলওয়ে পূর্বাঞ্চলের ইয়ার্ডে ১১ বার দুর্ঘটনা ঘটেছে। তবে মেইন লাইনের লুপ লাইনে কোনো দুর্ঘটনা ঘটেনি। এর মধ্যে চলতি বছরের  ফেব্রুয়ারি মাসে দুবার, মার্চ মাসে পাঁচবার, এপ্রিলে একবার, মে মাসে দুবার, জুনে ছয়বার, জুলাইয়ে তিনবার, আগস্টে দুবার, সেপ্টেম্বরে ছয়বার ও অক্টোবরে একবার ট্রেন দুর্ঘটনা ঘটেছে। জানুয়ারি মাসে কোনো দুর্ঘটনা ঘটেনি।

বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফারহান মাহমুদ বলেন, চলতি বছর চট্টগ্রামে ২৮ বার ট্রেন দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে ইয়ার্ডে দুর্ঘটনা ঘটেছে ১১ বার। ঘটনার পর তদন্ত কমিটি গঠন করে কারণ অনুসন্ধান করে প্রতিবেদন দেওয়া হয়। সর্বশেষ লাকসাম দুর্ঘটনার তদন্ত প্রতিবেদনও জমা দেওয়া হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, এসব ঘটনায় গঠিত তদন্ত কমিটিগুলো রেলওয়ে দুর্ঘটনার জন্য সিগন্যাল ওভারশুট, রেললাইনের সমস্যা, তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন না করা, মেকানিক্যাল ও ইঞ্জিনিয়ারিং বিভাগের গাফিলতি, ক্রসিংয়ে নিরাপত্তার অভাব এবং যান্ত্রিক ত্রুটিসহ নানা কারণ চিহ্নিত করেছে। লাইনচ্যুতির ঘটনা ঘটার পর একাধিকবার তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কিন্তু অনেক সময় তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন করা হয় না বলে অভিযোগ রয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি অগুরুত্বপূর্ণ পদে বদলি, কাজ করার আগে কন্ট্রোল রুমসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের অবহিত করা এবং জিএস রুল অনুযায়ী ট্রেন পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁঞা বলেন, কোনো দুর্ঘটনা ঘটলে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে কোনো ব্যক্তির দোষ পাওয়া গেলে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট বিভাগ থেকে প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। লাকসামের ঘটনায় চারজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।