• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

গাইবান্ধায় বাসদ (মার্কসবাদী) বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক ►

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার, সার সংকট নিরসন, প্রিপেইড মিটার বাতিলসহ হাম-ডেঙ্গু রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা দাবিতে বিক্ষোভ মিছিল-বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলা। 

আজ শনিবার ২৬-০৯-২৬ ইং বেলা ১২ টায় বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলার উদ্যোগে জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদের সভাপতিত্বে বক্তব্য রাখেন কমরেড গোলাম সাদেক লেবু, কাজী আবু রাহেন শফিউল্লাহ খোকন, নিলুফার ইয়াসমিন শিল্পী, পরমানন্দ দাস, রাহেলা সিদ্দিকা প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশের সাধারণ মানুষ একের পর এক সংকটে জর্জরিত। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে পরিবহন ও উৎপাদন ব্যয় বাড়ছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়ায় চাপ তৈরি হচ্ছে। অন্যদিকে কৃষক প্রয়োজনের সময় পর্যাপ্ত সার পাচ্ছেন না; সার সংকট ও অনিয়মের কারণে কৃষকের উৎপাদন ব্যাহত হচ্ছে। কৃষক না বাঁচলে দেশও বাঁচবে না।অবিলম্বে সার সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা দাবি জানান। বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়েও সাধারণ মানুষের নানা অভিযোগ ও ভোগান্তি রয়েছে। আমরা চাই-জনগণের স্বার্থ বিবেচনা করে অবিলম্বে  প্রিপেইড মিটার বাতিল  করতে হবে।

একই সঙ্গে ডেঙ্গু ও হামসহ বিভিন্ন রোগের প্রকোপ মোকাবিলায় কার্যকর স্বাস্থ্যব্যবস্থা, নিয়মিত মশা নিধন,পরিচ্ছন্নতা এবং পর্যাপ্ত চিকিৎসা নিশ্চিত করতে হবে। জনগণের ট্যাক্সের,ভ্যাট ও অন্যান্য রাজস্ব দিয়েই রাষ্ট্র পরিচালিত হয়।  জনগণের অর্থে পরিচালিত সরকারের প্রথম দায়িত্ব জনগণের জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করা অথচ  জনগণের ওপর একের পর এক ব্যয়ের বোঝা চাপিয়ে দিয়ে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার দুর্বলতা ও অদক্ষতার দায় জনগণ বহন করবে-এটি কাম্য নয়। সরকারি অর্থের অপচয়, দুর্নীতি ও অনিয়ম বন্ধ করে প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।