• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

গাইবান্ধায় চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর: বালু মাফিয়াদের দৌরাত্ম্য

নিজস্ব প্রতিবেদক ►

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে চার সাংবাদিককে অপহরণ ও মারধরের ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কের আমবাড়ী এলাকায় এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় বালু মহলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযানের সংবাদ সংগ্রহ করে ফেরার সময় এই হামলার শিকার হন তারা।

ভুক্তভোগী সাংবাদিকরা জানান, পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারের অভিযানের পর জব্দ করা ট্রাক্টর ও বালুর ভিডিও ধারণ করেছিলেন তারা। ফেরার পথে সিএনজি থামিয়ে ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ দল তাদের জোর করে একটি বদ্ধ ঘরে নিয়ে যায়। সেখানে সাংবাদিক আনোয়ার হোসেন শামীম, রফিকুল ইসলাম, তাজরুল ইসলাম এবং পাপ্পু সরকারকে বেধড়ক মারধর করা হয়। শুধু মারধরই নয়, তাদের মোবাইল কেড়ে নেওয়া হয় এবং জোর করে টাকা দিয়ে তাদের ভিডিও ধারণ করা হয়। হামলাকারীদের নেতৃত্ব দেন উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের দুই নেতা।

এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। বর্তমানে আহত সাংবাদিকরা গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, বিষয়টি খুবই দুঃখজনক এবং অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, তিনি বিষয়টি শুনেছেন এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এমন হামলার ঘটনায় জেলাজুড়ে সাংবাদিকদের মাঝে নিরাপত্তাহীনতার উদ্বেগ তৈরি হয়েছে।