• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

গাইবান্ধার সাঘাটায় দুর্গাপূজা ঘিরে প্রশাসনের প্রস্তুতি সভা

সাঘাটা প্রতিনিধি ►
শারদীয় দুর্গাপূজাকে ঘিরে গাইবান্ধার সাঘাটায় নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি জোরদারে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও পূজা উদযাপন কমিটিগুলোকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

৬ অক্টোবর সাঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল ওয়ারেছ আকন্দ।
সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বেরও প্রতীক। তাই পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি, গুজব বা উসকানি যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অগ্নিনিরাপত্তা ও বিদ্যুৎ ব্যবস্থাপনা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন বিষয়ে সভায় আলোচনা করা হয়।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার দত্ত, মহিলা বিষয়ক কর্মকর্তা পবন কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামীমা নাসরিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা বক্তব্য দেন। সভায় আসন্ন দুর্গাপূজায় সাঘাটার প্রতিটি মণ্ডপে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়।