• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

কুড়িগ্রামে সাড়ে ৩ হাজার ইয়াবাসহ কারবারি গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি ►

কুড়িগ্রামের রৌমারীতে তিন হাজার ৫০০ পিস ইয়াবাসহ ইউসূফ আলী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জেলা পুলিশ। এর আগে একইদিন সকালে উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাইশপাড়া ঘাট এলাকায় জসির উদ্দিনের একটি টং দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, রৌমারী থানার একটি দল এ অভিযান পরিচালনা করে। এসময় ইউসূফ আলীর হাতে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে কালো জিপারযুক্ত প্যাকেটের ভেতর থেকে কমলা রঙের তিন হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবির বলেন, রৌমারী, রাজিবপুর ও ঢুষমারা থানা এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।