• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

এসকেএস স্কুল অ্যান্ড কলেজে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক ►
‘আমাদের হাত, আমাদের ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে হাত ধোয়ার প্রদর্শনী ও অনুশীলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার এসকেএস স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে প্রতিষ্ঠানটির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। সাবান ও পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং রোগের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বাড়ানো ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। 


কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসকেএস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুস সাত্তার, উপাধ্যক্ষ ড. অনামিকা সাহা এবং প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। এ সময় হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন ও অনুশীলনের মাধ্যমে পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরা হয়। হাতের মাধ্যমে বিভিন্ন রোগের জীবাণু ছড়াতে পারে। 

 

তাই খাবার খাওয়ার আগে ও খাবার তৈরির আগে, শৌচাগার ব্যবহারের পর এবং কাশি বা হাঁচির পর সাবান ও পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে হাত ধোয়া জরুরি। সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি বিভিন্ন সংক্রামক রোগের বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।