অনলাইন ডেস্ক ►
ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর কৌশলের অংশ হিসেবে দেশটির সঙ্গে থাকা দুটি সীমান্ত ক্রসিং ছাড়া বাকি সব সীমান্ত ক্রসিং বন্ধ করতে ইরাকের ওপর চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এই দাবির কথা জানিয়েছেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাগদাদের আলোচনা চলছে।
ফুয়াদ হুসেইন জানান, ইরানের সঙ্গে ইরাকের অনেকগুলো সরকারি ও বেসরকারি সীমান্ত ক্রসিং রয়েছে। এর মধ্যে দুটি চালু রেখে বাকি সবগুলো বন্ধ করার দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়। যে দুটি সীমান্ত ক্রসিং খোলা রাখার প্রস্তাব দেওয়া হয়েছে, তার একটি ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অবস্থিত।
ইরাকি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইরানের সঙ্গে আমাদের অনেকগুলো সরকারি ও বেসরকারি সীমান্ত ক্রসিং রয়েছে। সবগুলো বন্ধ করে দেওয়া কঠিন হবে এবং এতে আমাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। যুক্তরাষ্ট্র এখনো সীমান্ত ক্রসিংগুলো বন্ধ করার দাবি জানাচ্ছে। বিষয়টি নিয়ে আমরা বর্তমানে তাদের সঙ্গে আলোচনা করছি।’
এর আগে গত মাসে নিরাপত্তা পর্যালোচনা এবং চোরাচালান বন্ধে শনাক্তকরণ সরঞ্জাম স্থাপনের জন্য ইরানের সঙ্গে ইরাকের ব্যস্ততম সীমান্ত ক্রসিংগুলোর একটি ক্রসিং বন্ধ করে দেয় বাগদাদ।
এদিকে, ইরানের স্থলপথে অস্ত্র ও অবৈধ সামগ্রী প্রবেশের পথ বন্ধ করতে নতুন টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রোববার তিনি জানান, ইরানে প্রবেশের স্থলপথগুলোতে নজরদারি ও অভিযান পরিচালনার জন্য এই বাহিনী কাজ করছে। মার্কিন সামরিক বাহিনীর দাবি, এসব স্থলপথ ব্যবহার করে ইরানে অস্ত্র ও অবৈধ সামগ্রী পাঠানো হয়।
এর আগে শনিবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ২০ সদস্যের একটি বিশেষ দল গঠনের ঘোষণা দেয়। আট মাসের যুদ্ধের মধ্যে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের চলমান নৌ অবরোধ আরও বিস্তৃত করার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘ইসলামিক রিপাবলিক অব ইরানে টাস্কফোর্স আয়রন গেট পুরোদমে কার্যকর রয়েছে। ইতিহাসের সবচেয়ে বড় নৌ অবরোধের সঙ্গে মিলিয়ে এই ব্যবস্থা কার্যকর হওয়ায় ইরানে খুব সামান্যই কিছু প্রবেশ করতে পারবে কিংবা দেশটি থেকে বের হতে পারবে!’
শনিবার দেওয়া এক বিবৃতিতে সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, এই বাহিনী ‘সন্ত্রাসবাদে অর্থায়ন, অস্ত্র কারখানাগুলো পুনর্গঠন এবং সামরিক সরঞ্জামের মজুত পুনরায় পূরণ করার ক্ষেত্রে ইরানের সক্ষমতা আরও সীমিত করবে।’
সেন্টকমের বিবৃতি অনুযায়ী, ফ্লোরিডায় অবস্থানরত বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এই ২০ সদস্যের দলটি মার্কিন সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করবে। ইরানের স্থল সীমান্ত এবং কাস্পিয়ান সাগর দিয়ে অত্যাধুনিক অস্ত্রব্যবস্থা, দ্বৈত ব্যবহারের উপযোগী প্রযুক্তি, নিষেধাজ্ঞার আওতাভুক্ত সামগ্রী এবং অবৈধ অর্থের প্রবাহ বন্ধ করাই হবে তাদের প্রধান লক্ষ্য।
তবে যুক্তরাষ্ট্রের এই উদ্যোগ ব্যর্থ হবে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বাহিনীটির দাবি, ওয়াশিংটনের এই প্রচেষ্টা ইরানের অর্থনীতির পতন ঘটাতে পারবে না। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাতে আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি বলেন, ‘যুক্তরাষ্ট্র কখনোই বিভিন্ন নামে এবং বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে যে অর্থনৈতিক অবরোধ আরোপের চেষ্টা করছে ও প্রস্তাব দিচ্ছে, তা বাস্তবায়ন করতে পারবে না।’
তিনি আরও বলেন, ‘ইরানের অর্থনীতির পতন ও ভাঙন ঘটানোর লক্ষ্যে চরম অর্থনৈতিক চাপ প্রয়োগের যে উদ্দেশ্য যুক্তরাষ্ট্র নিয়েছে, তা কখনোই অর্জিত হবে না।’ মোহেব্বি দাবি করেন, ইরান ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে যোগাযোগের পথ বন্ধ করার ক্ষমতাও যুক্তরাষ্ট্রের নেই।
অন্যদিকে, ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধের ফলে দেশটির ২৫ বিলিয়ন ডলারের বেশি মূল্যের অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানি আটকে দেওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছে সেন্টকম।
এর আগে গত আগস্টে ইরানের বিরুদ্ধে ‘অর্থনৈতিক শ্বাসরোধ’ নামে একটি অভিযান শুরুর ঘোষণা দেয় ওয়াশিংটন। আগে থেকেই অর্থনৈতিক চাপে থাকা ইরানের অর্থনীতিকে আরও দুর্বল করে কার্যত পঙ্গু করে দেওয়াই ছিল এই অভিযানের লক্ষ্য। বিশ্বের জ্বালানি তেল সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে ইরানের অবরোধের জবাবে যুক্তরাষ্ট্র এসব পদক্ষেপ নেয়। ইরানি বাহিনী সেখানে নিয়মিতভাবে অনুমতি ছাড়া প্রণালিটি অতিক্রমের চেষ্টা করা জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করেছে।