অনলাইন ডেস্ক ►
চার বছর পর আবারও নেকড়েমানবের চরিত্রে পর্দায় ফিরছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। তার অভিনীত হরর-কমেডি সিনেমা ‘ভেড়িয়া’র সিক্যুয়েল ‘ভেড়িয়া ২’ নির্মাণের বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক অমর কৌশিক।
তবে সিনেমাটির চিত্রনাট্য লেখার কাজ এখনো চলছে। গত ২৫ নভেম্বর ‘ভেড়িয়া’ মুক্তির চার বছর পূর্তি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মজার ভিডিও প্রকাশ করেন অমর কৌশিক। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ভিডিওটিতে দেখা যায়, একটি নেকড়ে ঘরের ভেতর আটকা পড়ে। পরে সেটি নেকড়েমানবে রূপ নিয়ে পরিচালকের অফিসে তাণ্ডব চালায়। এমনকি একটি ল্যাপটপও ছুড়ে ফেলে।
ভিডিওটির মাধ্যমে মজার ছলে বোঝানো হয়েছে, ‘ভেড়িয়া’র চরিত্র ভাস্কর পরবর্তী সিনেমার চিত্রনাট্য লেখা শেষ হওয়ার অপেক্ষায় অধৈর্য হয়ে পড়েছে। পোস্টের ক্যাপশনে পরিচালক লেখেন, চিত্রনাট্য লিখতে দেরি হওয়ায় ‘ভেড়িয়া’ খুব একটা খুশি নয়। কী আর করা! শিগগিরই আসছে ‘ভেড়িয়া ২’।
তবে সিনেমাটির গল্প, শুটিং শুরুর সময় কিংবা মুক্তির তারিখ নিয়ে এখনো কিছু জানাননি নির্মাতা। দ্বিতীয় কিস্তিতে কারা অভিনয় করবেন, সে বিষয়েও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
এর আগে চলতি মাসের শুরুতে বরুণ ধাওয়ান ও কৃতি শ্যাননের সঙ্গে অমর কৌশিকের পুনর্মিলন হয়। তারা একসঙ্গে ‘অবসেশন’ সিনেমার হিন্দি ডাব সংস্করণের প্রচারে অংশ নেন। তাদের একসঙ্গে দেখে ‘ভেড়িয়া ২’ নিয়ে ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয়েছিল।
এবার পরিচালকের ঘোষণায় সেই জল্পনাই সত্যি হলো।
২০২২ সালের ২৫ নভেম্বর মুক্তি পায় ‘ভেড়িয়া’। সিনেমায় ভাস্কর নামের এক সড়ক নির্মাণ ঠিকাদারের চরিত্রে অভিনয় করেন বরুণ। অরুণাচল প্রদেশের জঙ্গলে একটি নেকড়ের কামড়ের পর তার জীবনে অদ্ভুত পরিবর্তন আসে। ধীরে ধীরে তিনি নেকড়েমানবে রূপ নিতে শুরু করেন।
সিনেমাটিতে বরুণের বিপরীতে চিকিৎসক অনিকার চরিত্রে ছিলেন কৃতি শ্যানন। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন অভিষেক ব্যানার্জি, দীপক ডোব্রিয়াল ও পালিন কাবাক। দিনেশ ভিজানের প্রযোজনা প্রতিষ্ঠান ম্যাডক ফিল্মসের সিনেমাটি ম্যাডক হরর-কমেডি ইউনিভার্সের অংশ।